বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় দ্রুত বোরো ধান কাটা চলছে এবং কৃষকেরা ধান গোলায় তুলছেন। গত দুইদিন আবহাওয়া খারাপ থাকায় হাওরে বোরো ধান কাটা ও শুকানো কিছু বিঘ্ন সৃষ্টি হয়। বর্তমানে হাওরে পুরোদমে দ্রুত ধান কাটা চলছে। প্রশাসনের ও কৃষি বিভাগ থেকে মাইকিং করে দ্রুত ধান কাটার জন্য বলা হচ্ছে। এতে কৃষকেরা আতংকের মধ্যেও দ্রুত ধান কাটছেন।
উপজেলার রাধানগর গ্রামের মো. ফাহিম মিয়া বলেন, প্রশাসনের মাইকিং শুনে আমার ১২ কিয়ার জমির ধান কেটে ঘরে তুলেছি।
লক্ষীপুর গ্রামের জগন্নাথ বিশ্বাস বলেন, আমার অর্ধেক জমির ধান কেটেছি। বাকি অর্ধেক ৩/৪ দিনের মধ্যে কাটা শেষ হবে, ধান কিছুটা কাঁচা ছিল। হাওরে ব্রি-২৮ জাতের ধান ব্লাষ্ট রোগে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া শিলাবৃষ্টিতেও বোরো ধানের কিছু ক্ষতি হয়েছে। অন্যান্য জাতের ধানের ফলন ভালো হয়েছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় মোট ১০ হাজার ৫৫৮ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ করা হয়। এর মধ্যে হাওরে ৭ হাজার ২৫ হেক্টর ও হাওর বহির্ভূত ৩ হাজার ৫ শত ৩৩ হেক্টর জমিতে বোরো চাষাবাদ হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া বলেন, এ পর্যন্ত হাওরে ৭৬% ও হাওর বহির্ভূত ১২% জমির বোরো ধান কাটা হয়েছে। আমরা দ্রুত ধান কাটার জন্য কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করানো হয়। এ বছর পর্যাপ্ত ধান কাটার হারভেস্টার মেশিন এবং শ্রমিকও রয়েছে, এতে কৃষকরা দ্রুত ধান কাটতে পারছেন।