- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে ধানে ব্লাস্ট রোগের সংক্রমণ

স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে হাওরের বাঁধ রক্ষা নিয়ে কৃষকদের সংগ্রামের মধ্যে বোর ফসলে ব্লাস্ট রোগের সংক্রমণ দেখা দেয়ার দুঃসংবাদ পাওয়া গেছে। গত কয়েক দিন যাবত উপজেলার বৃহৎ করচার হাওরসহ বিভিন্ন হাওরের পার্শ্ববতীর্ নদীর পানি বাড়ায় বাঁধ হুমকি মুখে পড়ে। হাওরের কয়েকটি বাঁধে ফাটলও দেখা দেয় এবং ছিদ্র দিয়ে পানি প্রবেশ করছিল। উপজেলা প্রশাসন ও পাউবোর সহ স্থানীয় কৃষক জনতার সহযোগিতায় বাঁধ মেরামত কাজ অব্যাহত রয়েছে। বর্তমানে পানি আর বৃদ্ধি না পাওয়ায় বাঁধগুলো রক্ষা পেয়েছে।
এদিকে সাময়িকভাবে বাঁধগুলো রক্ষা পেলেও হাওরে ব্লাস্ট রোগ দেখা দেওয়ায় ফসলের ক্ষতি হচ্ছে। করচার হাওরের কচমা কিত্তা, সিংঙ্গিরদাইর, বাজারের সামনে, বড় কিত্তা, আঙ্গরুলী হাওর সহ বিভিন্ন হাওরে ব্লাস্ট রোগে ফসলের ক্ষতি হচ্ছে। কৃষ্ণনগর গ্রামের আস্তর আলী জানান, তার ৫ বিঘা জমিতে বি—২৮ জাতের বোর ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে।
মুক্তিখলা গ্রামের কৃষক আব্দুল গনি আনসারী জানান, করচার হাওরে তার ৪ বিঘা জমি ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে।
লক্ষীপুর গ্রামের কৃষক জগন্নাথ বিশ্বাস জানান, আঙ্গরুলী হাওরে ব্লাস্ট রোগে বোর বি— ২৮ ধানে সাদা হয়ে চিটা হয়ে নষ্ট হচ্ছে।
ফতেপুর গ্রামের প্রসুন কান্তি তালুকদার বলেন, এ অঞ্চলের কিছু কিছু জমিতে ধান সাদা হয়ে ধান গাছ মরে যাচ্ছে। তিনি বলেন, এক দিকে বাঁধ নিয়ে দুশ্চিন্তা, অপরদিকে ব্লাস্ট রোগে ফসলহানি হচ্ছে। এ যেন কৃষকের উপর মরার উপর খাড়ার ঘা।
উপজেলা কৃষি কর্মকতার্ মো. নয়ন মিয়া বলেন হাওরের কিছু কিছু স্থানে ধানে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। আবহাওয়ার কারণেই সাধারণত ব্লাস্ট রোগ দেখা দেয়। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি জরুরী ভিত্তিতে আক্রান্ত জমিতে প্রতিষেধক ঔষধ ছিটানোর জন্য।

  • [১]