বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়। তবে নির্বাচনের পর কিছু বিছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। গত রবিবার উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার পর মেম্বার প্রার্থী শাহপরান জয়ী হন। এসময় মেম্বার প্রার্থী আব্দুল হাই এর লোকজন নির্বাচনী ফলাফল মানি না বলে বিশৃঙ্খলার সৃষ্টি করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহিরপুরের এসিল্যান্ড মো. আলাউদ্দিন সহ তিনজন আহত হন।
ফতেপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর লোকজন কেন্দ্রে হামলা চালিয়ে দরজা-জানালা ভাঙচুর করে।
বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে নির্বাচনের পরদিন সোমবার সকালে মুজিবুর মেম্বার ও মোশতাক মেম্বারের সমর্থকদের মাঝে এক সংঘর্ষ হয়। এছাড়াও আরো কয়েকটি স্থানে নির্বাচন পরবর্তী কিছু ছোট খাটো ঘটনা ঘটছে বলে জানা যায়।