- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে পর্যটকদের উপচে পড়া ভিড়

স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে বিশ্বম্ভরপুরের হাওর বিলাস, পাহাড় বিলাস সহ পর্যটন স্পটগুলো বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে। ঈদের দিন থেকে প্রতিদিনই ব্যাপক পর্যটক সমাগম হচ্ছে। উপজেলা সদরে অবস্থিত হাওর বিলাস, মাল্টিপারপাস সেন্টারে ঈদের দিন পর্যটকদের পদচারণায় পা ফেলার জায়গা ছিল না। হাওর বিলাসে ঈদ পরবর্তী ৩ দিনে ১০ হাজার অধিক এবং মাল্টিপারপাস সেন্টারে এর চেয়েও বেশি দর্শনার্থীদের আগমন ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভারত সীমান্তবর্তী মেঘালয় রাজ্যের পাহাড়ের পাদদেশে অবস্থিত উপজেলার চেংবিল নামক স্থানে পাহাড় বিলাসে ৬ হাজারের অধিক পর্যটক আসেন। এছাড়াও উপজেলার বোয়াল চত্বর, জয় বাংলা চত্বর, কৃষান চত্বর সহ প্রতিটি পর্যটন স্পটে ভিড় ছিল পর্যটকদের।
পাহাড় বিলাসের দায়িত্বপ্রাপ্ত পরিচালক আলমগীর হোসেন জানান, ঈদ পর থেকে এখন পর্যন্ত ব্যাপক হারে পাহাড় বিলাস দেখতে পর্যটকরা আসছেন। পর্যটকদের আগমনে স্থানীয় দোকানগুলোতে অনেক বেশি বিকিকিনি হচ্ছে। তাছাড়া রিক্সা অটোরিক্সা, সিএনজি চালকদেরও রোজগার বেশী হয়েছে।
হাওর বিলাসের পার্শ্ববর্তী হাওর ভিউ ক্যাফের মালিক সুন্দর আলী বলেন, ঈদ উপলক্ষে এখানে হাজার হাজার দর্শনার্থীরা আসছেন। ফলে দোকানে প্রচুর বিক্রি হয়েছে।
মৌলভীবাজার থেকে আসা পাপিয়া সরোয়ার বলেন, আমরা তাহিরপুরের নীলাদ্রী (শহীদ সিরাজ লেক) ঘুরে এসে বিশ্বম্ভরপুর উপজেলার হাওর বিলাস, পাহাড় বিলাস ও মাল্টিপারপাস সেন্টার দেখেছি, আমাদের খুবই ভালো লেগেছে।
সুনামগঞ্জের অ্যাডভোকেট প্রসেনজিৎ বলেন, বিশ্বম্ভরপুর উপজেলায় পর্যটন স্পটগুলো স্থাপন হওয়ায় উপজেলার পরিবেশ খুবই সুন্দর হয়েছে।
এদিকে পর্যটকদের ছবি তুলে রোজগার করেছে কিছু তরুণ। ফটোগ্রাফার সুজন বর্মন ও জামাল উদ্দিন বলেন, ঈদ উপলক্ষে অনেক লোকজন আসায় ছবি তুলে আমরা অনেক লাভবান হয়েছি।
রিক্সা চালক মো. আলী ও অটোরিক্সা চালক দিপক বলেন, ঈদ উপলক্ষে বহু মানুষ আসা যাওয়া করায় আমাদের অনেক রুজি হয়েছে।
মাল্টিপারপাস সেন্টারের মিনি ইনডোর শিশু পার্কের পারিচলাক আলমগীর হোসেন বলেন, ঈদ উপলক্ষে প্রতিদিন ৭-৮শত শিশুরা আমাদের পার্কে আসছে।

  • [১]