স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুরে পুকুরের পানিতে ডুবে দুই মামাতো ফুফাতো বোনের মৃত্যু হয়েছে। রবিবার বিকালে উপজেলার ধনপুর ইউনিয়নের তরঙ্গিয়া গ্রামে এই ঘটনা ঘটে। সন্ধ্যায় দুই বোনের লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, রবিবার বিকালে খেলার ছলে তরঙ্গিয়া গ্রামের শফিক মিয়ার মেয়ে মারিয়া (৫) এবং তার ফুফাতো বোন কালাউটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে ঝুমা (৮) বাড়ির উঠোনে খেলাধুলা করছিলো। এসময় সবার অলক্ষ্যে পাশের একটি বাড়ির পুকুরে পড়ে যায় এই দুই শিশু কন্যা। খোঁজতে খোঁজতে সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করেন স্বজনরা।
ধনপুর ইউপি চেয়ারম্যান মিলন মিয়া জানান, মারিয়া ও ঝুমা সম্পর্কে মামাতো ফুফাতো বোন। ঝুমা নানার বাড়িতে বেড়াতে এসেছিলো। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে জানানো হয়েছে বলে জানান তিনি।
বিশ্বম্ভরপুর থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।