বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে পানি উন্নয়ন বোর্ডের অধীন বোর ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত কাজের অগ্রগতি বিষয়ে উপজেলা তদারকি কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান
আয়েশা আক্তার, সুনামগঞ্জ পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী অনিক সাহা, উপ-সহকারি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী খন্দকার আলী রেজা, ফসল রক্ষা বাঁধ উপ কমিটির (পিআইসি) সভাপতিগণ, তদারকি কমিটির অন্যান্য সদস্যগণ। সভায় ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত কাজগুলোর কাজের অগ্রগতি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। বিভিন্ন প্যাকেজে ঠিকাদারের কাজ কম হওয়ায় তদারকি কমিটির সদস্যগণ ক্ষোভ প্রকাশ করেন। কৃষি ও কৃষকের স্বার্থে জরুরী ভিত্তিতে বাঁধের সকল কাজ দ্রুত শেষ করার জন্য জোর নির্দেশ দেওয়া হয়। তা-না-হলে পিআইসি ও ঠিকাদারগণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়। আগামী ১৫ই মার্চের মধ্যে কাজ সম্পন্ন করে দেবেন বলে উপস্থিত প্রকল্প চেয়ারম্যানগণ প্রতিশ্রুতি দেন।