বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশব্লক শৌচাগার নির্মাণে রডের পরিবর্তে বাঁশের চটি দিয়ে সেফটি ট্যাংকের ছাদ ঢালাই দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত উপজেলার ধনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণে। ধনপুর প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক গত বুধবার উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের অনুলিপি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে দেয়া হয়েছে।
জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, বিশ্বম্ভরপুরের ধনপুর প্রাইমারী স্কুলের ওয়াশব্লক নির্মাণ কাজে অনিয়মের খবর পাওয়া গেছে। তবে রডের পরিবর্তে বাঁশ দেয়া হয়েছে এই অভিযোগ সঠিক নয়। ছাদ ভেঙে সাটিরিংএর বাঁশ বেরিয়ে এসেছে।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, ২০১৩-১৪ অর্থ বছরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৮ লাখ টাকা ব্যয়ে দরপত্রের মাধ্যমে কাজ পায় মেসার্স আদিল এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজ শুরুর পর থেকেই ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল। পানির পাম্পের জন্য স্থাপিত নলকূপের পাইপ, ইট, পাথরসহ নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার অভিযোগ ছিল। ওয়াশব্লক নির্মাণে সেফটি ট্যাংকগুলোর ছাদ ঢালাইয়ের কাজে রডের পরিবর্তে গোপনে বাঁশের চটি ব্যবহার করা হয়েছিল। ইতোমধ্যে নির্মিত ঐ ট্যাংকের ছাদ ভেঙ্গে পড়ে বাশেঁর চটি বেরিয়ে এসেছে। এ ব্যাপারে অভিযুক্ত আদিল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আদিুলর রহমানের মোবাইল বন্ধ থাকায় বক্তব্য গ্রহণ করা যায় নি।
ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদুর রহমান জানান, শৌচাগার নির্মাণের শুরু থেকে নি¤œমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। আমরা বার বার বলার পরও কর্ণপাত করেনি ঠিকাদারের লোকজন। স্কুল বন্ধ থাকার সময় গোপনে কাজ করা হয়েছে। আমরা এখনও কাজ বুঝে নেইনি। ইতোমধ্যে একটি ট্যাংকের ছাদ ভেঙে রডের পরিবর্তে বাঁশ বেরিয়ে এসেছে। কাজে অনিয়মের বিষয়টি আমরা লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছি। অভিযোগের অনুলিপি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে দেয়া হয়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী বলেন, ‘অভিযোগ পেয়েছি। সুষ্ঠুু তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে’।