- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে মরা জাদুকাটা নদী খননে ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে ভরাটকৃত মরা জাদুকাটা নদী খননে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ অধিক মুনাফার আশায় ঠিকাদারের অভিনব কৌশলের কারণে নদী খননের কারণে সরকারি রাস্তা, ব্রীজ, দোকান ঘর নদীতে বিলীন হতে চলেছে।
বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দ.) ইউনিয়নে মরা জাদুকাটা নদী খননের জন্য চলতি বছর বিএডিসির মাধ্যমে সরকারি ভাবে ১কোটি ৩ লক্ষ বরাদ্দ হয়। কিন্তু ঠিকাদার ভরা বর্ষা মৌসুমেই নদীর সীমানা নির্ধারণ, প্রসস্ততা, গভীরতা ও নিময়নীতির কোন তোয়াক্কা না করে নদী খননের জন্য কাজ শুরু করেছেন। ঠিকাদার এক্সেভেটর দিয়ে ভরাটকৃত নদী এলাকার উপরের কিছু পলি সরিয়ে দিয়ে নির্মাণ কাজের ব্যবহার উপযোগি বালু বের করে দেন এবং ষ্টিলের মালবাহী নৌকা মালিকরা এলোপাথারিভাবে নিজ খরচে এই বালু উত্তোলন করে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করে চলেছেন।
স্থানীয়দের দাবি, ঠিকাদার বিনা খরচে নদী খননের অপচেষ্টা করে যাচ্ছে।   
ঠিকাদারের এই কৌশলের ফলে নদী পাড় এলাকার সরকারি পাকা রোড, ব্রীজ, ঘর ও রেকর্ডীয় ভূমি নদীতে বিলিন হওয়ার উপক্রম হয়েছে। শক্তিয়ারখলা বাজারের ফার্নিচার ব্যবসায়ী রফিক আহমদ আলবাব এর ফার্নিচারের দোকান ঘরের কিছু অংশ ইতোমধ্যে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছে।  বাগগাঁও গ্রামের বাসিন্দা কবির হুমায়ূন কবির বলেন, ‘নিয়ম বহির্ভূতভাবে নদী খননের কাজ শুরু করেছেন ঠিকাদার। কাজ শুরুর আগেই কাজের পরিধি, বরাদ্দের পরিমাণ ও অন্যান্য নিয়মাবলীর সাইনবোর্ড প্রকাশ্যে জনসম্মুখে টানানোর কথা থাকলেও এ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। নদীর কিছু এলাকার উপরের কিছু পলি মাটি এক্সেভেটর দিয়ে সরিয়ে ভাল বালু বের করে বালু ব্যবসায়ীদের ডেকে বালু নিয়ে গিয়ে ব্যবসা করার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। দিন রাত ছোট বড় ষ্টিলের নৌকায় অপরিকল্পিতভাবে বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করছে তারা। ফলে নদী পাড়ের সরকারি রাস্তা, ব্রীজ, ঘরবাড়ী ও রেকর্ডীয় ভূমির ব্যাপক ক্ষতি হচ্ছে এবং হুমকির মুখে রয়েছে। এর ফলে ঠিকাদারের লক্ষ লক্ষ টাকা সাশ্রয় হচ্ছে এবং সরকারের যে কাজ হওয়ার কথা তা বাস্তবায়িত হচ্ছে না।
প্রকল্পের ঠিকাদার আশাদ মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন,‘ কার্যাদেশ পেয়ে কাজ শুরু করেছি। নিয়ম মোতাবেকই আমরা কাজ করছি। কাজ চলমান আছে। এই বর্ষাকালেও কাজ চলমান রাখতে হয়েছে। কাজের মেয়াদ ১বছর।’

  • [১]