স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দঃ) ইউনিয়নের শক্তিয়ারখলা বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া মরা যাদুকাটা নদীর উপর নির্মিত ব্রিজটি তাহিরপুর-বিশ^ম্ভরপুর এর লাখ লাখ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। কিন্তু নদী খননের নামে ব্রিজের গোড়া থেকে বালি উত্তোলন করায় এটি এখন হুমকির সম্মুখীন।
সরেজমিনে দেখা যায়, শক্তিয়ারখলা বাজারের উত্তরপার্শে মরাযাদুকাটা ব্রিজের গোড়ায় কয়েকটি বিশাল বিশাল অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করা হচ্ছে। গত ১৫ দিন যাবৎ এভাবে ড্রেজার মেশিন বসিয়ে সকাল-সন্ধ্যা বালি উত্তোলন করা হচ্ছে। ব্রিজটির গোড়ায় কোন প্রোটেকশন দেওয়াল নেই।
স্থানীয় জনগণ বলেন, ১৫দিন যাবৎ ব্রিজের গোড়া অর্থাৎ একই স্থান থেকে বালি উত্তোলনের ফলে ব্রিজটি ধ্বসে পড়বে। মিছাখালী রাবার ড্যাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির সাব ঠিকাদার হিসেবে নদী খননের নামে অবৈধভাবে বালি উত্তোলন করে যাচ্ছে। তিনি জানান, নদী খনন করা হচ্ছে।
বিষয়ে বাদাঘাট(দঃ) ইউপি চেয়ারম্যান মো. এরশাদ মিয়া জানান, মরা যাদু কাটা নদীতে বালু উত্তোলন হচ্ছে বলে আমি জানি না। তবে, গাঙ্গের পাড়ের কিছু মানুষ গর্ত ভরাট করার জন্য মাটি উত্তোলন করছে তবে মরা যাদুকাটা নদী খনন করার ব্যপারে টেন্ডার হয়েছে বলে জানি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা এ ব্যপারে কিছু জানেন না বলে জানান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন জানান, আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং কাজ বন্ধ রয়েছে।