- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে মাছের আকাল দ্রব্যমূল্যের উর্ধ্বগতি

সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর
হাওর নদী-নালা, খাল-বিল বেষ্টিত বিশ্বম্ভরপুর উপজেলা। মাছের এলাকা হিসাবে এ উপজেলার সুনাম সুখ্যাতি রয়েছে। তবে এবার উপজেলায় রমজান মাসেও মাছের আকাল দেখা দিয়েছে। সচরাচর মাছ পাওয়ার কোন উপায় নেই। জলমহালের ইজারাদার ও কিছু লোভি মৎস্যজীবিদের কারণে আজ দেশীয় মাছ বিলিন হওয়ার পথে।
পবিত্র রমজান মাসে বাধ্য হয়ে পুকুরে উৎপাদিত পাঙ্গাস, তেলাপিয়া, সরপুটি, সিলভার ও কার্প জাতীয় কিছু মাছ বাজারে থাকলেও রমজানের জন্য অতিরিক্ত মূল্যে বেচা কেনা করতে দেখা যায়।
পাঙ্গাস, তেলাপিয়া দুই থেকে আড়াইশত টাকা, পুকুরের কার্প জাতীয় মাছ আড়াই থেকে তিনশত টাকা প্রতি কেজি  বিক্রি করতে দেখা যায়।  অপরদিকে দেশীয় মাছ যেমন শিং, মাগুর, কই, পাবদা, বাঁশপাতা, নলা, আইড় মাছ, চিতল, কাংলা, গনিয়া সহ অনেক রকমের দেশীয় মাছ আজ কাল হারিয়ে যাওয়ার পথে। ওই সমস্ত মাছ বাজারে মাঝে মধ্যে দেখা গেলেও মূল্য থাকে অনেক বেশি । গুলশা মাছ প্রতি কেজি পাঁচশত, টেংরা তিন শত, বাইম  পাঁচশত টাকা, শিং, মাগুর
চার থেকে পাঁচশত টাকায় বিক্রি করতে মাঝে মধ্যে দেখা যায়। পবিত্র রমজানের কারণে ফার্মের মোরগের দাম ১৯০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে।
অপর দিকে সবজি বাজারেও অধিক মূল্যে বেচা কেনা করতে দেখা যায়। উপজেলা সদর বাজারে আলু ৩০ টাকা,  ছুলা ৯০ টাকা, ডলকী ডাল ১৬০টাকা, মোটা ডাল ১২০ টাকা, পটল ৪০ টাকা, কাকরুল ৪০ টাকা, বেগুন ৬০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা, ঝিঙ্গা, পেপে প্রতি কেজি ৩০ টাকা, করে বিক্রি হচ্ছে। রমজান উপলক্ষে মাছ, মাংস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বেড়ে যাওয়ায় সীমিত আয়ের সাধারণ লোকজন পড়েছেন বিপাকে । রমজান উপলক্ষে এ পর্যন্ত সরকারি ভাবে ন্যায্য মূল্যে কোন দ্রব্যাদি বিক্রি করতে দেখা যায়নি।

  • [১]