- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সন্ত্রাস, গরু চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো: সাদি উর রহিম জাদিদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ও গরু চুরির তৎপরতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী জানান, ভারত সীমান্ত এলাকা দিয়ে ইয়াবাসহ ধরনের মাদক দেশে প্রবেশ করায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবকদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফরউদ্দিন সীমান্ত এলাকায় টহল জোরদার, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের তালিকা প্রস্তুত এবং তাদের বিরুদ্ধে সামাজিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রস্তাব করেন।
প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন বলেন, বিভিন্ন হাওরে পানির সংকট ও জিংকের অভাবে বোরো ধান হলুদ আকার ধারণ করে বিনষ্ট হওয়ার আশংকা দেখা দিয়েছে। এছাড়াও বাজারে পটাশ সারের তীব্র সংকট দেখা দেওয়ায় কৃষক বেকায়দায় পড়েছেন। বক্তব্যে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানদ্বয়, নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এদিকে গত ২৭ ফেব্রুয়ারির বিশ্বম্ভরপুর থানা পুলিশ ২৬০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতে সোপর্দ করায় অফিসার ইনচার্জ ইকবাল হোসেনকে ধন্যবাদ জানানো হয়।

  • [১]