- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বিশ্বম্ভরপুরে ১৩ দোকান পুড়ে ছাই

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর বাজারে ১৩ টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার গভীর রাতে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন তাদের কোটি টাকারও বেশী ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড় টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আজিজুল   মিয়ার মনোহরি দোকানে আগুন লাগে। পরে কেরোসিনের ড্রাম, মবিলের ড্রামে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে মালু মিয়ার পুরো মার্কেটে। রাত ৩ টা পর্যন্ত আগুন জ্বলতে থাকে। এসময় আজিজুল হকের দোকান, আব্দুস সাত্তারের বাজে মালের দোকান, মোস্তফা মিয়ার ইলেক্ট্রনিক সামগ্রীর দোকান, হানিফ মিয়ার রিক্সা গেরেজ, আহমদ আলীর পার্টসের দোকান, আব্দুল মালেকের তৈরি পোশাকের দোকান, আতিক টেইলার্স, সুমন সেলুন, নিশা কম্পিউটার সার্ভিস, আজিজ গেরেজ, মালু মড়লের ভূষি মালের দোকান, ওয়াহিদ মিয়ার দোকান ও মালু মড়লের আরেকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
রাত সাড়ে ৩ টায় সুনামগঞ্জ শহর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নেভায়।
রবিবার দুপুরে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

  • [১]