স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়কে কলেজ পর্যায়ে রূপান্তিত করব। আমি স্বপ্ন দেখি, এটা কোন অবাস্তব স্বপ্ন না। আমি বিশ্বাস করি, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমার এই সময়কালের ভিতরে আমি এই বিদ্যালয়টিকে কলেজ পর্যায়ে রূপান্তরিত করতে পারব।
সোমবার দুপুরে বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক হারুন অর রশিদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর উপজেলা নিবার্হী অফিসার সমীর বিশ্বাস, বিশ্বম্ভরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মাস্টার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোজ্জাম্মেল হক, ব্যবসায়ী তোফায়েল আহমদ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানের আগে ১ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এর আগে তিনি পলাশ উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান ভবনের উর্ধবমুখী সম্প্রসারণ (২য়, ৩য়, ৪র্থ তলা) কাজের উদ্বোধন করেন। এরপর জনতা বাজার, ধরেরপাড়, প্যারীনগর সড়কের কাজ উদ্বোধন করেন পীর ফজলুর রহমান মিসবাহ।