বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউপির সাতগাঁও এলাকায় বাগুয়াকারার একটি বক্স কালবার্ড নির্মাণের স্থানকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। শুক্রবার সকালে সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের পাশে এই সংঘর্ষের ঘটনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।
জানা যায়, গত ১৩ এপ্রিল দুপুরে ত্রাণ বিভাগের অধীনে বাগুয়াকারার উপর কালভার্ট
নির্মাণের প্রস্তুতির জন্য ঠিকাদার ও অফিসের লোকজন গেলে শাহাপুর গ্রামের মকলিছ মিয়া বাধা প্রদান করেন বাগুয়া গ্রামের হাবিবুর রহমানের সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার বিকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে শুক্রবার আবারো সংঘর্ষ হয়। আহতদের সুনামগঞ্জ সদর, জমালগঞ্জ ও তাহিরপুর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত সাতগাঁও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
বিশ্বম্ভরপুর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করা হয়। এ পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি । বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।