হিরন্ময় রায়
বৃহন্নলা মাতব্বরদের হাতে আজকাল সালিসের লাঠি
বাবুদের গায়ে কাদা ছুড়া গত যৌবনা গণিকার মত
চেনা শকুনদের সাথে সুরে সুর বেঁধে –
পিতৃত্ব অস্বীকারের খেলায় মাতে।
অথচ ‘৫৭ বা ‘৪৭ মোগল থেকে ফিরিঙ্গি হয়ে নাপাকি।
ক্ষতবিক্ষত সোনার বাংলা, কেঁদে ফিরেছে বারবার।
পদ্মা মেঘনা যমুনায় বহু জল গড়িয়ে
শৃংখলার জিঞ্জির হাত বদল হয় পুরুষ থেকে পুরুষান্তরে।
তথাকথিত বীরপুঙ্গবদের জটলা
রাতের বেওয়ারিশ কুকুরদের ভিড়ের অধিক কিছু নয়।
পিকিং, মস্কো কিংবা পিন্ডির পিন্ডি চটকিয়ে
পরাধীন রাতের বাসরে রাজা উজির মারা বৈ কিছু নয়।
অবশেষে মধুমতি তীরের সেই সিংহের হুংকারে
ঘরকোণোদের রক্তে আগুন ধরে।
প্রাণ আর আব্রুর জোয়ারে শৃংখল ভেঙ্গে
স্বাধীনতা ফিরে এই বাংলায়।
এটাই জাতি এবং বঙ্গবন্ধুর ইতিহাস
এখানেই অবিশ্বাসী আর বিশ্বাসীদের বসবাস।