লন্ডন প্রতিনিধি
স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক তরুণ লেখক সাইফুজ্জামান বাতেন টিটোর উপন্যাস বিষফোঁড়া নিষিদ্ধ করার প্রতিবাদ জানিয়েছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি।
সংগঠনের সভাপতি লেখক ও প্রামাণ্য চিত্র নির্মাতা শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ আগস্ট কওমী মাদ্রসায় শিশু নির্যাতন বিষয়ক উপন্যাস বিষফোঁড়া নিষিদ্ধ করে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটির গবেষণা সেল এর সদস্য তরুণ লেখক সাইফুল বাতেন টিটু’র বই নিষিদ্ধের আদেশের আমরা প্রতিবাদ ও নিন্দা করছি।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সহ বিশ্বের সকল সভ্য দেশে শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের প্রতি যে কোনও ধরনের শারীরিক নির্যাতন নিষিদ্ধ করা হয়েছে। অথচ আমাদের গণমাধ্যমে অহরহ আবাসিক কওমি মাদ্রসায় শিশুদের উপর যৌন নির্যাতন সহ নানাবিধ শারিরিক নির্যাতনের সংবাদ প্রকাশিত হচ্ছে। বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক সাজা প্রদান করা হয়েছে এমন তথ্য আমাদের জানা নেই। মানবাধিকার পরিপন্থি যে কোনও ধরনের নির্যাতন ও সহিংতার তথ্য গণমাধ্যম কিংবা অন্য কোনও শিল্পমাধ্যমে প্রকাশিত হলে সরকারের কর্তব্য নির্যাতন বন্ধের জন্য দেশের আইন অনুযায়ী নির্যাতকের শাস্তিপ্রদান এবং নির্যাতিতদের রক্ষা করা।
এতে বলা হয়, ধর্মব্যবসায়ী মৌলবাদীদের তুষ্ট করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ভাবে একজন উদীয়মান মুক্তমনা লেখকের উপন্যাস নিষিদ্ধ ঘোষণা করেছে, যেভাবে নিকট অতীতে আমাদের মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তক থেকে সাম্প্রদায়িক বিবেচনায় বাংলা সাহিত্যে বরেণ্য লেখকদের রচনা বাদ দেয়া হয়েছে তাতে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্টিত হয়েছে এবং জঙ্গি মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তিকে প্রশ্রয় দেয়া হয়েছে। আমরা সাইফুজ্জামান বাতেন টিটোর বিষফোঁড়া উপন্যাসটির নিষিদ্ধকরণ প্রত্যাহারের পাশাপাশি কওমি ও অন্যান্য আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু নির্যাতনের বিষয়টি তদন্ত করার জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠনের দাবি জানাচ্ছি। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।