সু.খবর ডেস্ক
৩৪তম বিসিএসে উত্তীর্ণ ৮৯৮ জনকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। বুধবার বিকেলে পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ. ই. ম. নেছার উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ প্রদানের বিষয়ে জারিকৃত নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং সংশোধিত বিধি অনুসারে নিয়োগের সুপারিশ করা হয়। সুপারিশ প্রাপ্তদের তালিকা পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে। সুপারিশকৃত প্রার্থীদের মেডিকেল বোর্ড স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা করলে এবং যাচাই বাচাইয়ের পর তাদের চূড়ান্ত নিয়োগ দেয়া হবে।
পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ‘৩৪তম বিসিএসে উত্তীর্ণ কিন্তু ক্যাডার বা নন ক্যাডারের প্রথম শ্রেণির পদে সুপারিশ করা যায়নি, এমন ৮৯৮ জনকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এটি দ্বিতীয় শ্রেণির পদ।’
পিএসসি সূত্রে জানা গেছে, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদেও ৫০০ জনকে নিয়োগের সুপারিশ করা হবে। এ ছাড়া ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফলের আগ পর্যন্ত ৩৪তম বিসিএস থেকে নন ক্যাডারে সুপারিশ করা হবে।
চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পান না, তাদের মধ্য থেকে ৩১তম বিসিএস থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করে পিএসসি।
বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে যারা ক্যাডার পায়নি তাদের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে ২০১৪ সালের ১৬ জুন নন-ক্যাডার পদের নিয়োগ বিধিমালা সংশোধন করে সরকার।