তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে ভুয়া তথ্যের ভিত্তিতে বৌ-ভাত অনুষ্ঠান পন্ড করতে গিয়ে জনতার তোপের মুখে পড়েছিল স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চারাগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও মাইজহাঁটির আক্তার হোসেনের মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী চারাগাঁও গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে রুহুল আমিনের বিয়ে হয় বুধবার। বর-কনে উভয়ের জন্ম নিবন্ধন ও নাগরিকত্বের সনদ দেখেই কাজী বিয়ে পড়ান। কিন্তু বাল্যবিয়ে হচ্ছে মিথ্যা এই তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে উপস্থিত হয় পুলিশ। বৃহস্পতিবার পৌনে ৪টার দিকে তাহিরপুর থানার ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির এএসআই তপন কুমার দাস বৌ-ভাত অনুষ্ঠানে যান। এ সময় বরের মামা নুরুল ইসলাম (৫৫) ও বরের শ্বশুর আক্তার হোসেন (৫২)’র সাথে এসআই তপন কুমারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুহুল আমিনকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসতে চাইলে অনুষ্ঠানে থাকা অতিথি ও এলাকার লোকজন উত্তেজিত হয়ে পড়েন এবং পুলিশকে আটকে রাখার চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ একটি ঘরে আশ্রয় নিতে বাধ্য হয়। পরে জনতার চাপের মুখে হাতকড়া খুলে দিতে বাধ্য হয়
পুলিশ।
বরের মামা নুরুল ইসলাম বলেন,‘আমরা গরীব মানুষ আমাদেরকে হাতকড়া পরালেই কী, আর জেলে নিলেই কী। একটি আনন্দময় বৌ-ভাত অনুষ্ঠানে পুলিশ শত শত অতিথি, মহিলা পুরুষ ও শিশুদের সামনে আমাদের হাতকড়া পড়ালো, এত বড় অপমান আমরা জীবনে কোনোদিন হইনি, যাক দেখার তো কেউ নেই, আছেন একমাত্র আল্লাহ।’
এ ব্যাপারে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির এএসআই তপন কুমার দাস জানান, বর ও কনের জন্ম নিবন্ধনের কাগজপত্র দেখতে চাইলে কিছুটা দম্ভুক্তি দেখালে আমি হাতকড়া লাগাতে বাধ্য হই। আসলে এটি ভুল তথ্য ছিল, পরবর্তীতে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান খসরুল আলম খসরু বলেন,‘ঘটনাটি খুবই দুঃখজনক। বর-কনে উভয়ের জন্ম নিবন্ধন ও নাগরিকত্ব সনদ সঠিক আছে। বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছি।’