- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বীর মুক্তিযুদ্ধার জীবন বাঁচাতে রক্ত দিলেন ইউএনও

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় নূর হোসেন নামের ক্যান্সার আক্রান্ত এক বীর মুক্তিযোদ্ধার জীবন বাঁচাতে রক্ত দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বিষয়টি স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে। তবে ইউএনও মনে করেন তার এই রক্তদান অন্যদেরকে রক্তদানে উৎসাহিত করবে। উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তর বীর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
বীর মুক্তিযোদ্ধা নূর হোসেনের পরিবার সূত্রে জানা যায়, তিনি দুই বছর ধরে ফুসফুসে ক্যান্সার জনিত রোগে ভুগছেন। ডাক্তারের পরামর্শ ক্রমে তাকে চার মাস অন্তর অন্তর দুই ব্যাগ করে রক্ত গ্রহণ করতে হয়। এবার কোনভাবেই রক্ত যোগাড় হচ্ছিল না। ফলে তাঁর ছেলে বিষয়টি নিয়ে গতকাল শুক্রবার ফেসবুকে একটি পোস্ট করেন। ওই পোস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসলে তিনি রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে শনিবার দুপুর দুইটার দিকে ধর্মপাশায় একটি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে তিনি এক ব্যাগ রক্ত প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান বলেন, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন সম্মুখ যোদ্ধাকে রক্ত দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সর্বোপরি আশা করছি আমার এই অতি ক্ষুদ্র ত্যাগ অন্যদেরকে রক্তদানে উৎসাহিত করবে।

  • [১]