স্টাফ রিপোর্টার
বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণের মধ্য দিয়ে শুক্রবার পালন করা হয়েছে মহান বিজয় দিবস। গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও বিন¤্রচিত্তে স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় শহীদ বীর সন্তানদের নিবেদন করা হয়েছে প্রাণের শ্রদ্ধার্ঘ্য। শুক্রবার অনাবিল আনন্দের বাঁধনহারা উচ্ছ্বাসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সভা, শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ৪৬তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়। বিজয়ের রঙে সাজেন নারী-পুরুষ, শিশু-কিশোর সবাই।
জেলা প্রশাসন
সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক এ পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এ সময় জেলা প্রশাসন ও জেলা পর্যায়ে অন্যান্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এরপূর্বে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর সুনামগঞ্জ স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শন ও সালাম গ্রহণ, শরীরচর্চা প্রদর্শনী, বেলা সাড়ে ১১টায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম (শাহানা রব্বানী), পুলিশ সুপার হারুন অর রশিদ, সিভিল সার্জন ডা: আব্দুল হাকিম, আওয়ামীলীগ নেতা আফতাব উদ্দিন, জেলা জাসদের সভাপতি আতম সালেহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল মোমেন, মুক্তিযোদ্ধা আলী আমজাদ।
এদিকে বাদ যোহর ও সুবিধাজনক সময়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, ও গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা, দুপুর ১.৩০মি. হাসপাতাল, জেলাখানা ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, বিকাল সাড়ে ৩টায় সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলা সমাবেশ ও ক্রীড়ানুষ্ঠান, সুনামগঞ্জ স্টেডিয়ামে কাবাডি প্রতিযোগিতা, বিকাল ৪টায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৬টায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমীর হাছনরাজা মিলনায়তনে অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে রেডিও সুনামগঞ্জ।
জেলা আওয়ামী লীগ
বিজয়ের প্রথম প্রহরে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের নেতৃত্বে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান পুষ্পস্তবক অর্পন করার সময় সাবেক সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট ও পৌর মেয়র আয়ূব বখত জগলুল, দ. সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, যুবলীগ সভাপতি খায়রুল হুদা চপল সহ আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে জেলা আওয়ামী লীগের সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আ. লীগের সাবেক যুগ্ম সম্পাদক নান্টু রায়, কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক করুণা সিন্দু চৌধুরী বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, যুবলীগ নেতা অ্যাড. আলম সিদ্দিকী উজ্জ্বল প্রমুখ।
এছাড়াও জেলা জাসদ, জেলা উদীচী, ছাত্র ইউনিয়ন, খেলাঘর সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করেছে।