- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বৃদ্ধের গলাকাটা মরদেহ পড়েছিল ডোবায়, ইজিবাইক উধাও

ধর্মপাশা প্রতিনিধি
জীবিকার সন্ধানে শনিবার রাতে ছেলের ইজিবাইক নিয়ে বেরিয়ে ছিলেন ষাটোর্ধ আব্দুল বারেক। রাত পেরিয়ে সকাল হলেও বাড়ি ফিরেননি তিনি। পরিবারের লোকজন খোঁজাখোঁজি শুরু করেন। রোববার সকালে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা নামক এলাকায় সড়কের পাশে শুকনো ডোবায় স্থানীয়রা একটি গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ওই ডোবা থেকে মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহ থেকে উদ্ধার করা জাতীয় পরিচয়পত্র দেখে মরদেহটি আব্দুল বারেকের বলে নিশ্চিত হয় পুলিশ। বিষয়টি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জানাজানি হয় এবং পুলিশের পক্ষ থেকে আব্দুল বারেকের পরিবারের সাথে যোগাযোগ করা হয়। পরে আব্দুল বারেকের পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করে। আব্দুল বারেকের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মাইলোড়া গ্রামে।
আব্দুল বারেকের মেয়ের স্বামী ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দি গ্রামের বাসিন্দা জনি জানান, আব্দুল বারেক পেশায় একজন বাবুর্চি ও ইজিবাইক চালক। প্রায়ই তিনি বিভিন্ন অনুষ্ঠানে রান্না করতে যান। তিনি সব সময় তাঁর সাথে নিজের পরিচয়পত্রসহ বিভিন্ন কাগজপত্র রাখেন। শনিবার রাত ৮টার দিকে তিনি ইজিবাইক বেরিয়ে ছিলেন। রাতে তিনি বাড়ি না ফেরায় সকালে খোঁজাখোঁজি শুরু হয়। পরে রোববার সকালে আব্দুল বারেকের গলাকাটা লাশ পাওয়া যায়। পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করে। লাশের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তবে ইজিবাইকটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে আব্দুল বারেককে খুন করে ইজিবাইকটি ছিনতাই করা হয়েছে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

  • [১]