ইয়াকুব শাহরিয়ার, পাগলাবাজার সংবাদদাতা
দ. সুনামগঞ্জের ঐতিহ্যবাহী পাগলাবাজারের গলি একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় পানির নিচে। বৃষ্টির পানি নিষ্কাশনের সঠিক কোন ব্যবস্থা না থাকায় এমন সমস্যা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ২০০৪ সালে পশ্চিম পাগলা ইউনিয়নে রেজাউল আলম নিক্কু ২য় দফা নির্বাচিত হওয়ার পর বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে বাজারের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, উত্তর বাজার মহাসিং নদী সংলগ্ন গার্ডওয়াল স্থাপন, মাছ বাজার-সবজি বাজার সংস্কার ও নির্মাণ করা হলেও বর্তমানে এ বাজারে পানি নিষ্কাশনের সব রাস্তা বন্ধ হওয়ায় বৃষ্টি হলেই পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। দুর্ভোগে পড়তে হচ্ছে আসামপুর, ইসলামপুর, কাদিপুরের স্কুলগামী ছাত্রছাত্রীসহ এবাজারে আসা প্রায় ষোল গ্রামের মানুষকে। বাজারের গলির ভিতরে থাকা ছোট বড় সকল ব্যবসায়ীদেরও বিড়ম্বনা পোহাতে হচ্ছে। ফুটপাতে বসে যারা ব্যবসা করেন তাদের বাধ্য হয়ে দোকান বন্ধ করতে হচ্ছে অথবা হাঁটুজল মেরে ব্যবসা করতে হচ্ছে। এ নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরাও।
মঙ্গলবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে বাজারের গলির ভিতর নূর বক্স মিয়ার দোকান থেকে মুহিনী বস্ত্রালয় পর্যন্ত পানির নিচে ডুবে আছে। হাঁটুজল ডিঙিয়ে পারাপার করছেন পথচারীরা। দুর্ভোগ পোহাতে হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। ভুক্তভোগী দোকানদার ও চলাচলকারীর সাথে আলাপ করে জানা যায়, রাস্তার উভয় পাশে ছোট ছোট পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও এগুলো বন্ধ হয়ে গেছে অনেক আগেই এবং ড্রেনের পানি বেরিয়ে যাওয়ার রাস্তার উপর স্থাপনা গড়ে ওঠায় তাও এখন বন্ধ। এজন্য জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
চা বিক্রেতা আবু সাঈদ বলেন, বৃষ্টির পানি জমে সৃষ্ট জলাবদ্ধতার কারণে আমাদের ব্যবসায় সমস্যা হচ্ছে। বৃষ্টির পানি জমা হলে দোকান বন্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই।
আবদুল মতিন মতলিব মার্কেটের স্বত্ত্বাধিকারী মিজানুর রহমান মিজান বলেন, সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ সমস্যা হচ্ছে। কিছু কিছু ব্যবসায়ী ড্রেনের উপর স্থাপনা গড়ে তুলায় জলাবদ্ধতা হচ্ছে।
সাবেক চেয়ারম্যান রেজাউল আলম নিক্কু বলেন, আমার সময় যে কাজ করিয়েছিলাম তার পরে বাজার উন্নয়নে আর কোনো কাজ হয় নি। বাজারের পূর্ব দিক দিয়ে ড্রেন না করলে এই সমস্যার সমাধান করা কষ্টকর হবে।
পাগলাবাজার উন্নয়ন কমিটির সভাপতি হাজি আবদুল হেকিম বলেন, পানি নিষ্কাশনের একটি রাস্তা ছিল সালমা ফ্যাশনের দক্ষিণ পাশে। তারা দোকান সংস্কারের সময় পানি যাওয়ার রাস্তাটি বন্ধ হয়ে যায়। এ রাস্তা ছাড়া পানি যাওয়ার বিকল্প পথ নেই।