স্টাফ রিপোর্টার
বৃষ্টি হলেই ডুবে যায় সড়ক। ড্রেনের পানি সড়কে উঠে দুর্গন্ধের সৃষ্টি হয়। ময়লা পানি মাড়িয়ে যাতায়াত করতে হয় পথচারীদের। একটু বেশি বৃষ্টি হলে ময়লা পানি মানুষের বাসা-বাড়িতে উঠে যায়। দীর্ঘদিন ধরে দুর্ভোগ নিরসনে কোনো উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের। এতে ভোগান্তিতে পড়েন পৌর শহরের উত্তর আরপিননগর, আরপিননগর, বিলপাড়ের বাসিন্দারা। বুধবার সরেজমিনে দেখা যায়, পরিষ্কার না করার ফলে ড্রেন ময়লা জমে ভরাট হয়ে গেছে। এতে বৃষ্টির পানিতে নিষ্কাষিত না হয়ে হয়ে মানুষের বাসা-বাড়িতে উঠে পড়ছে। পৌরসভার বিলপাড় এলাকার বাসিন্দা রেজাউল হক জানান, অল্প বৃষ্টিতেই সড়কে পানি উঠে যায়। অনেক সময় দুর্গন্ধযুক্ত পানি ঘরেও চলে আসে। সুনামগঞ্জ সরকারি কলেজ রোডের ব্যবসায়ী সোহেল তালুকদার, জাহাঙ্গীর আলম জানান, বৃষ্টি হলেই আর উপায় নেই। ৪ থেকে ৫ ঘণ্টা ময়লা পানিতে তলিয়ে থাকে সড়ক। দোকান খোলা থাকলেও পানির কারণে ক্রেতা আসে না। পৌরসভার ড্রেনগুলোর বেহাল দশার কারণে পৌরবাসীদের চরম ভোগান্তি পোহাতে হয়। সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নাদের বখত জানান, পানি নিষ্কাশনের জন্য পুরনো ড্রেন পরিষ্কার করার উদ্যোগ নেয়া হচ্ছে। আশা করি ড্রেন পরিষ্কার হয়ে গেলে বৃষ্টির পানি আর রাস্তা ঘাটে থাকবে না। আর সব চেয়ে বড় কথা হলো মানুষকেও সচেতন হতে হবে, তারা যেনো ড্রেনে ময়লা না ফেলেন।