সু.খবর রিপোর্ট
জেলাব্যাপি আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন হয়েছে। ‘রঙিন পৃথিবীর রঙিন আলো, সকল নারী থাকুক ভালো’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস ও জয়িতাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভিন্ন এনজি’র যৌথ উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শহীদ আবুল হোসেন মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) আইনুর আক্তার পান্না’র সভাপতিত্বে ও ওয়ান-স্টপ ক্রাইসিস সেল প্রোগাম অফিসার সৈয়দা শাহনাজ মঞ্জুরের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নারী নেত্রী ও জেলা উদীচীর সভাপতি শীলা রায়, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, জেলা মহিলা বিষয়ক কমর্কতা জাহাঙ্গীর আলম, জেলা শিশু বিষয়ক কমর্কতা বাদল চন্দ্র বর্মন, জেলা মানবধিকার কমিশনের সভাপতি ফৌজি আরা বেগম শাম্মী প্রমুখ। আলোচনা সভার পর শ্রেষ্ঠ জয়িতা ৫ জনের মধ্যে ক্রেষ্ট তুলে দেন অতিথিরা। তারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের রাবারবাড়ি গ্রামের মোছা. জাহেদা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের হালিমা আক্তার হেলেন, সফল জননী নারী ধর্মপাশা উপজেলার বাউটিয়াকান্দা গ্রামের মোছা. সফিনা আক্তার, নারী নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন সদর উপজেলার সুরমা ইউনিয়নের ভৈষারপাড় গ্রামের মোছা. ছালিমা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের বাহাড়া গ্রামের রেখা রানী রায়। আলোচনা সভার পূর্বে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ছাতক
ছাতকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে ও সূর্য্যের হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগমের পরিচালনায় রোকেয়া দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ নির্বাচনে সুনাম সংরক্ষিত-৫ আসনের সদস্য প্রার্থী নুরুন্নাহার চৌধুরী চিনু।
সভায় অর্থনৈতিক সফলতায় সাবিনা বেগম, শিক্ষা ও চাকুরিতে সফলতায় জয়া রানী দাস, সফল জননী হিসেবে আঙ্গুরা বেগম, সমাজ উন্নয়ন বিষয়ে সফলতায় সূর্যবান বিবি ও নির্যাতন বিভিষিকা মুছে দিয়ে নতুন জীবন শুরু করায় রিপা বেগমকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান করা হয়।
জামালগঞ্জ
জামালগঞ্জে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার সকালে র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহিলা অধিদপ্তরের কর্মকর্তা স্বপন কুমার দত্তের সভাপতিত্বে আরিফা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি গুল আহমদ, মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা বেগম, সাংবাদিক আব্দুল আহাদ, অঞ্জন পুরকায়স্থ, ওয়ালী উল্লাহ সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে সুরুতুন নেছা, দিপক শ্রী তালুকদার, সখিনা আক্তার, দিলু রানী দাস, হাফিজা আক্তার দিপু সহ ৫ জনকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। শুক্রবার দিবস উপলক্ষে আলোচনা সভা ও ‘জয়িতাদের অন্বেষনে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সমানে রেখে উপজেলার ৫ জয়িতা নারীকে সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা পরিষদ গণমিলনায়তনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছরুয়ার আলমের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিস সহকারী ফাইজুল ইসলাম ও শিক্ষক আব্দুল হান্নানের পরিচালনায় বক্তব্য রাখেন, মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.আহসাব হাবিব, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, ভার্ড উপজেলা কর্মকর্তা মো. মোছলেহ উদ্দিন লস্কর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু জাফর ওসমানী, সম্মাননা প্রাপ্ত জয়িতাদের পক্ষে মিনারানী শর্ম্মা,মহিলা বিষয়ক অফিসের ফাইজুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভার পর উপজেলার ৫ জয়িতা নারীকে সম্মাননা ক্রেষ্ট সনদপত্র প্রদান করা হয়।
সনদপত্র প্রাপ্তরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্যঅর্জনকারী নারী হিসেবে জাহানারা, শিক্ষা চাকুরী ক্ষেত্রে সাফল্য নারী মিনা রানী শর্ম্মা, সফল জননী প্রভাতী তরফদার, নির্যাতনের বিভীষিকার মুছে ফেলে নতুন জীবন শুরু করা যে মোছা. নার্গিস ও সমাজ উন্নয়নে পাপড়ী হাজং।
ধর্মপাশা
ধর্মপাশায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য চারজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে শুক্রবার সকালে মোছা.খোদেজা আক্তার, মোছা.ছকিনা আক্তার, বিউটি তালুকদার ও সালমা আক্তার নামের চারজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইয়াছিন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোতাহার হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিক মিয়া, ও সাংবাদিক সালেহ আহমদ প্রমুখ। প্রত্যেক জয়ীতাকে একটি করে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
তাহিরপুর
তাহিরপুরে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভিন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার, পল্লী জীবিকায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, পল্লী সঞ্চয়ী ব্যাংক ম্যানাজার মনোলাল রায়, উন্নয়ন সংস্থার সংগঠক মিঠু দেবনাথ, থেংসুয়া রেমা প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৫ জয়িতাকে সম্মাননা পুরস্কার দেয়া হয়। সফল জননীর সম্মাননা পেয়েছেন সুফিয়া খাতুন, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন বিউটি রানী তালুকদার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী খাইরুন্নেছা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মল্লিকা খাতুন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী শাহানারা বেগম।
জগন্নাথপুর
বেগম রোকেয়া দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও মহিলা অধিপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০ টায় র্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ’র সভাপতিত্বে ও মহিলা অধিপ্তরের প্রশিক্ষক উনু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজেরা বারী, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পৌর কাউন্সিলর মিনা রানী পাল, কলি বেগম প্রমুখ। পরে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ৫ জন জয়িতা কে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।
নির্বাচিত জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোছা. আলেয়া বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী অসীমা বেগম রানী দেবী, সফল জননী রুজি বেগম, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে সফল জীবন অর্জনকারী মুন্না বেগম ও সমাজ উন্নয়ন সাফল্য অর্জনকারী স্ত্রী সুরমা বেগম।