স্টাফ রিপোর্টার, জামালগঞ্জ
জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের এক স্বতন্ত্র প্রার্থী অসীম চন্দ্র তালুকদারের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ উঠেছে বেহেলী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী অসীম চন্দ্র তালুকদার ভোটারদেরকে আকৃষ্ট করতে রাজাপুর শলাচুড়া গ্রামের মন্দিরে একটি এলসিডি টেলিভিশন ও একটি ডিশ চ্যানেল, সৌর বিদ্যুৎসহ ভিসিডি প্রদান করেন। শনিবার সকাল থেকে বিষয়টি জানাজানি হলে বেহেলীর ভোটারদের মধ্যে নানা ধরনের গুঞ্জনসহ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অন্যান্য চেয়ারম্যান প্রার্থীরা বিষয়টি নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক বেহেলী ইউনিয়নের শলাচুড়া গ্রামের এক ভোটার জানান, চেয়ারম্যান প্রার্থী অসীম বাবু আমাদের গ্রামের মন্দিরে শনিবার সকালে একটি ডিশের ছাতা, এলসিডি টিভি, সৌর বিদ্যুৎ পাঠিয়েছেন।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী অসীম চন্দ্র তালুকদার বলেন,‘আমার নির্বাচনী প্রতিপক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি এইগুলি দেইনি। এগুলো সম্পর্কে আমি কোন কিছুই জানি না।’
বেহেলী ইউনিয়নের রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. ইউসুফ-উর-রহমান জানান, নির্বাচনী চলাকালীন সময়ে কোন ধরনের আর্থিক অনুদান এমনকি কোন ধরনের প্রতিশ্রুতি দেওয়া দেওয়া যাবে না। প্রার্থী কর্তৃক এইগুলো মন্দিরে দেওয়া হয়ে থাকলে খোঁজ খবর নিয়ে ওই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।