স্টাফ রিপোর্টার
জামালগঞ্জে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি এর আওতায় ও গ্রামীণ অবকাঠামো সংস্কারে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) দুইটি প্রকল্পে নামমাত্র কাজ করার অভিযোগ উঠেছে। উপজেলার বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার তালুকদারের বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন ইউনিয়নের উলুকান্দি গ্রামের লোকজন। সরেজমিনে তদন্ত করে এই দুইটি কাজের বিল প্রদানের জন্য গত ২৭ মে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন উলুকান্দি গ্রামের লোকজন।
উলুকান্দি গ্রামের লোকজনের অভিযোগ ‘উলুকান্দি দোধার কান্দার মোখলেছুর রহমানের জমি থেকে জব্বার মিয়ার জমি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণে’ কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের ৮ লাখ টাকার প্রকল্পের মধ্যে সর্বোচ্চ দেড় লাখ টাকার কাজ করেছেন। একই এলাকার ‘লেংটার খাড়া দানেশের জমি হইতে ছাত্তিধরা বিল’ পর্যন্ত পানি নিষ্কাশনের নালা খননে ৬ লাখ ২১ হাজার টাকার কাবিটা প্রকল্পে প্রায় দেড় লাখ টাকার করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, মাটির রাস্তা নির্মাণে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পটি নিয়ম অনুযায়ী ১০০ জন শ্রমিক দিয়ে কাজ করানোর কথা থাকলে ইউপি চেয়ারম্যান মেশিন দিয়ে কাজ করিয়েছেন। এতে এলাকার দরিদ্র শ্রমিকরা কাজ থেকে বঞ্চিত হয়েছেন। একইভাবে খাল খনন প্রকল্পের কাজও দরিদ্র শ্রমিক দিয়ে না করিয়ে এক্সেভেটর মেশিন দিয়ে করেছেন তিনি। দুইটি প্রকল্পে ১৪ লাখ ২১ হাজার টাকার মধ্যে ইউপি চেয়ারম্যান অসীম কুমার তালুকদার ৩ লাখ টাকার কাজ করেছেন। এখন দুইটি প্রকল্পের কাজের বিল তোলার চেষ্টা করছেন ইউপি চেয়ারম্যান।
অভিযোগের বিষয়ে বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার তালুকদারের সাথে কথা বলতে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে বেশ কয়েক বার চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি তিনি। তাই অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব বলেন, বেহেলী ইউনিয়নের উলুকান্দি গ্রামের কাছের দুইটি প্রকল্পের কাজ যাচাই-বাছাই করে বিল প্রদান করা হবে। যতটুকু কাজ হয়েছে ততটুকু বিল প্রদান করা হবে। তবে শ্রমিকদের মাটির কাজ শ্রমিকদের দিয়ে করানো উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।