- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বেড়াতে ভারত-উত্তর থেকে উত্তরা খণ্ড-১২

স্বপন কুমার দেব
জয়পুর-দি পিংক সিটি বা গোলাবী নগরে দেড় দিন এক রাত্রি
পুষ্কর থেকে পাহাড়ী পথ ধরে নামছি। হাতে গুনা দিনগুলি ফুরিয়ে যাচ্ছে। অর্ধেকের বেশি ভ্রমণ পরিক্রমা ইতিমধ্যেই অতিক্রান্ত। একটু একটু করে বিষাদের ছায়া পড়ছে দেহ-মনে। তবে যথেষ্ট আনন্দও আছে। বাকী আছে জয়পুর, হরিদ্বার। সংখ্যায় জায়গার নাম দুটি হলেও দেখার জায়গা অনেক। কাজেই বিষাদের চেয়ে আনন্দের পাল্লা বলা যায় বেশি। আপাতত: মন থেকে বিদায় দিলাম মন খারাপের অনুভূতি। আজমীর পেরিয়ে দ্রুত গতিতে গাড়ি ছুটেছে জয়পুরের দিকে। দুপুরের আগেই পৌঁছে যাওয়ার উদ্দেশ্য। সেখানে অনেক কিছু দেখার আছে। সময় লাগবে। তবে মনের গতি সর্বোচ্চ। চলন্ত গাড়িতে বসে থাকলেও মুহূর্তে মন পৌঁছে গেল জয়পুরে। সঙ্গে একরাশ ভাবনা। জয়পুর রাজস্থানের ক্যাপিটাল সিটি বা রাজধানী শহর। নানা বর্ণিল ঘটনায় আর ঐতিহ্যে ভরপুর জয়পুর। প্রাসাদ, দুর্গ, লেক, বৈচিত্রময় সংস্কৃতি, হস্তশিল্প, নয়নাভিরাম দৃশ্য আর আধুনিকতায় পরিপূর্ণ পুরানো জয়পুর ও নতুন জয়পুর। পুরান বলতে যা বুঝায় সেই গলি ঘিনজি কিংবা অস্বাস্থ্যকর পুরানো নয় বরং অধিক ঝলমলে। পুরানো জয়পুরেই ঐতিহ্যবাহী সব নিদর্শন। প্যালেস, দালানকোঠা, ঘরবাড়ি সব কটিতেই গোলাপী রং এ রাঙানো। ভারতবর্ষের ‘দি পিংক সিটি’ বা গোলাবী নগর। বিশাল প্যালেস, ফোর্ট এগুলির জন্য বিখ্যাত এই নগরী রয়েল সিটি নামেও পরিচিত। জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতি এবং স্থাপত্যের মিশ্রণে জয়পুর ভারতবর্ষের এক গৌরবময় নগরী হিসেবে দেশে-বিদেশে   সবার কাছে একাধারে খ্যাত এবং পছন্দের স্থান। পর্যটকের তালিকায় দিল্লী, আগ্রার পরেই জয়পুর। দিল্লী থেকে জয়পুরের দুরত্ব ২৬০ কি.মি। রাজস্থানের প্রবেশ মুখে জয়পুর। জয়পুরের রাজকীয় বংশের মূল পূর্ব পুরুষ ছিলেন রাজা জয় সিংহ। এদের বংশ রাজপুতানার কুচ্চাওয়া গোত্রের অর্ন্তগত। রাজা জয় সিংহ ১২০০ শতাব্দিতে প্রথম ক্ষমতায় আরোহণ করেন। তখনকার রাজধানী ছিল বর্তমান জয়পুর নগরী থেকে ১১ কি.মি দূরত্বে আমের বা আম্বের নামক ছোটখাটো এক পাহাড়ী শহরে। সেখানকার বিখ্যাত আমের বা আম্বের দূর্গে বসবাস করে রাজ্য পরিচালনা করতেন এই বংশের রাজা মহারাজাগণ। পরবর্তীতে ১৬৮৮ খ্রি. মহারাজা জয়সিংহ (২য়) ক্ষমতায় আরোহণ করেন। উনার শাসনকাল ছিল ১৭৪৩ খ্রি. পর্যন্ত। রাজধানী আমেরে লোকসংখ্যা ক্রমশ: বাড়তে থাকায় এবং পর্যাপ্ত পানিয় জলের অভাব দেখা দেয়ায় মহারাজা জয়সিংহ (২য়) আমের থেকে বর্তমান জয়পুরে রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নেন। জয়পুরকে মনের মতো রাজধানী শহর হিসাবে নির্মাণ করার উদ্দেশ্যে মহারাজা নিজে স্থাপত্যশৈলী সম্পর্কীত বিভিন্ন বই পড়াশুনা করেন এবং বিভিন্ন স্থাপত্যবিদদের সঙ্গে পরামর্শ করেন। কিন্তু মনের মতো কাউকে পাচ্ছিলেন না। অবশেষে খোঁজ পেলেন বিদ্যাধর ভট্টাচার্য্য নামের এক বাঙালি ভদ্রলোকের। বিদ্যাধর ভট্টাচার্য্য মহাশয়ের মূল বাড়ি বর্তমান পশ্চিমবঙ্গের নৈহাটি নামক স্থানে। কলকাতা থেকে ৩০-৪০ কি.মি দূরে নৈহাটি জংশন। বিদ্যাধর বাবু আম্বের দুর্গে মহারাজার কোষাগার বিভাগের একজন কেরানি ছিলেন। স্থাপত্য বিদ্যায় উনার প্রাতিষ্ঠানিক ডিগ্রি না থাকলেও বাস্তবে এ বিষয়ে তার অগাধ জ্ঞান, অভিজ্ঞতা ও পান্ডিত্য ছিল। মহারাজা জয়সিংহ (২য়) বিদ্যাধর ভট্টাচার্য্যরে সঙ্গে পরামর্শ করে জয়পুর নগরীর স্থাপত্য ও পরিকল্পনা নকশা তৈরী করেন। ১৭২৭ খ্রি. ১৮ নভেম্বর তারিখে এক শুভ দিনে জয়পুর নগরীর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ও নির্মাণ কাজ শুরু হয়। বিদ্যাধর ভট্টাচার্যের দিক নির্দেশনায় এবং বাস্তুশাস্ত্র ও শিল্পশাস্ত্র অনুসরণ করে ৪ বছ্র সময়ে জয়পুর নগরী নির্মিত হয়। বিদ্যাধর ভট্টাচার্য্য পরবর্তী সময়ে রাজ্যের প্রধান স্থপতি হয়েছিলেন। তৎকালে নবনির্মিত জয়পুর নগরী মোট ৯টি ব্লকে বিভক্ত ছিল। ২টি রাজপরিবারের এবং ৭টি জনসাধারণের জন্য। বড় আকারের কেল্লা এবং একাধিক তোরণ নির্মাণ করা হয়েছিল। পরবর্তী এক সময়ে মহারাজা রামসিংহের আমলে ব্রিটিশ সা¤্রাজ্যের ৭ম এডওয়ার্ড ও রানী ভিক্টোরিয়ার জয়পুর সফর উপলক্ষ্যে রাজকীয় মেহমানদের স্বাগত জানিয়ে জয়পুরের সমূহ স্থাপনাকে পিংক কালার বা গোলাপী রংয়ে রঞ্জিত করা হয়েছিল। সেই থেকেই জয়পুর ‘দি পিংক সিটি বা গোলাপী নগর’ হিসাবে অদ্যাবধি পরিচিত। ঊনবিংশ শতাব্দিতে জয়পুরে বিভিন্ন ধরনের কারখানা, স্কুল-কলেজ ও শিল্পকলার প্রতিষ্ঠান গড়ে উঠে। আমরা ভারতীয় সময় প্রায় দুপুর সাড়ে ১২টার দিকে জয়পুর শহরের কেন্দ্রস্থলে রাজকীয় সিটি প্যালেসের সামনে পৌঁছে গেলাম। যেমন বড় প্রাসাদ তেমনি বড় চত্বর। সাড়ি সাড়ি গাড়ি পার্কিং করা আছে। বুঝা যায় ভেতরে অনেক লোকজন। প্রবেশ মুখে সিটি গেইট। অনেক বড় ও দৃষ্টিনন্দন এই গেইটটি। ভেতরে ঢুকে প্রথমেই নয়ন মনোহর স্থাপত্যে মোড়া যে ভবনটি চোখে পড়ে তার নাম ‘মুবারক মহল।’ মহারাজা মাধো সিংহ রাজকীয় অতিথিদের জন্য এই ভবনটি তৈরী করেন। ভবনটি এতো সুন্দর ও কারুকার্যমন্ডিত যে, মনে হয় রাজকীয় অতিথি হিসাবে এই সুদৃশ্য ভবনে থেকে যাই কিছু দিন। কিন্তু সেটি আর সম্ভব নয়। সেই রাজাও নেই আর রাজ্যও নেই। আর আমরা হলাম গিয়ে অতি নগণ্য সাধারণ মানুষ। রয়েল গেষ্ট হওয়া তো অনেক দূরের ব্যাপার। ভবনটি বর্তমানে রাজপরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের পোশাক আশাকের মিউজিয়াম হিসাবে ব্যবহৃত হচ্ছে। মুবারক মহলের বাইরের দেয়ালগুলি চমৎকার মার্বেল পাথরের কারুকার্য মন্ডিত। আকর্ষণীয় এই মহল বারবার ঘুরে দেখতে ইচ্ছে করে। সমগ্র সিটি প্যালেসটি চন্দ্রা মহল নামেও পরিচিত। এর মূল অংশে রাজা-মহারাজাগণ বসবাস করতেন। চারিদিকে সুউচ্চ দেয়াল, বিভিন্ন ভবন, সবুজ ঘাসে আবৃত অনেকগুলি লন ও একাধিক ফুলের বাগান। কিছু সংরক্ষিত অংশ আছে যেখানে প্রবেশ করতে হলে অতি উচ্চ মূল্যে টিকেট কাটতে হয়। যা আমাদের পক্ষে সম্ভব ছিল না। পুরো প্যালেসটি বর্তমাননে মিউজিয়াম। ব্রিটিশ শাসন আমল পর্যন্ত জয়পুর মহারাজা শাসিত একটি রাজ্য ছিল। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীন হলে বিভিন্ন করদ রাজ্যের মতো জয়পুর এবং রাজস্থানের অন্যান্য রাজ্যগুলি ক্রমশ: ভারতীয় প্রজাতন্ত্রে যোগদান করে। চন্দ্রা মহল বা বর্তমান মিউজিয়ামে বিভিন্ন সব দুর্লভ নির্দশন সাজিয়ে রাখা আছে। আছে রাজকীয় অস্ত্রশ্েস্ত্রর সম্ভার। রিকশা জাতীয় পরিবহন। আর্ট গ্যালারী। রাজকীয় আসবাবপত্র। চিত্রকর্ম এবং বিভিন্ন সব দুর্লভ ফটোগ্রাফ।  মধ্যে খোলা চত্বরের একপাশে রাখা আছে রাজকীয় আমলের গোলাবর্ষণকারী কামান। জয়পুরের নাম আসলেই এসে যায় মহারাজা মানসিংহের নাম। মহারাজা মানসিংহ সম্পর্কে একটু ব্যাখ্যা প্রয়োজন। মানসিংহ দুই জন। প্রথম ও দ্বিতীয়। প্রথম মহারাজা মানসিংহ ১৫৫০ খ্রি. জন্মগ্রহণ করেন ও ১৬১৪ খ্রি. মারা যান। প্রথম মানসিংহের আমলে রাজ্যের রাজধানী ছিল আমের। মহারাজা মানসিংহ (১ম) বসবাস করতেন আম্বের দুর্গে। তিনি মোঘল স¤্রাট আকবরের একজন বিশ্বস্ত ও ক্ষমতাশালী সেনাপতি ছিলেন। কথিত আছে স¤্রাট আকবর মহারাজা মানসিংহ প্রথমকে উনার বিখ্যাত নবরতœ সভায় অন্তর্ভুক্ত করেছিলেন। স¤্রাট আকবর ১৫৯৪ খ্রি. মহারাজা মানসিংহ প্রথমকে বাংলা, বিহার ও উড়িষ্যার সুবাদার বা গভর্নর নিযুক্ত করেন। রাজা মানসিংহ রাজমহলে (বর্তমান ঝাড়খন্ডের অর্ন্তর্গত) বাংলা বিহার উড়িষ্যার রাজধানী স্থাপন করেছিলেন। সেই সময়ে বাংলায় ইশা খাঁ’র নেতৃত্বে বার ভূঁইয়া বা বারোজন সামন্ত রাজা ও বিভিন্ন জমিদারগণ রাজা মানসিংহের মোঘল সেনাবাহিনীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেন। ইশা খাঁ’র জীবদ্দশায় মোঘল বাহিনী বারো ভূঁইয়ার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছিল। ইশা খাঁর মৃত্যুর পরে ক্রমশ: সারা বাংলা মোঘলদের নিয়ন্ত্রণে চলে যায়। যশোরের রাজা প্রতাপাদ্দিত্যকে যুদ্ধে পরাজিত করে মানসিংহ যশোর রাজবাড়িতে স্থাপিত বিখ্যাত ‘শীলাদেবী’ বিগ্রহ সেখান থেকে নিয়ে গিয়ে আম্বের দুর্গে পুন:প্রতিতিষ্ঠিত করেন। যা এখন পর্যন্ত ঐ দুর্গে আছে। মহারাজা মানসিংহ (২য়) এর রাজত্বকাল ১৯২২-১৯৪৮ খ্রি. পর্যন্ত অর্থাৎ জয়পুর রাজ্য ভারতীয় প্রজাতন্ত্রে যোগ দেয়ার পূর্বকাল পর্যন্ত। এই ২য় রাজা মানসিংহই জয়পুরের শেষ মহারাজা। পরবর্তী সময়ে তিনি ভারত সরকারের রাষ্ট্রদূত হিসাবে স্পেনে কিছুকাল দায়িত্ব পালন করেন। দ্বিতীয় রাজা মানসিংহ একজন সুপুরুষ এবং ভালো পলো খেলোয়াড় ছিলেন। অবশেষে ১৯৭০ খ্রি. রাজা মানসিংহ ২য় পরলোক গমণ করেন। সিটি প্যালেসের লাগোয়া পূর্ব দিকে অবস্থিত ‘যন্তর-মন্তর।’ নামটি একটু অদ্ভুত শোনালেও তৎকালীন সময়ে জ্যোর্তিবিজ্ঞানের এক উজ্জ্বল নিদর্শন এই ‘যন্তর-মন্তর।’এটি উন্মুক্ত জায়গায় একটি অবজারভেটরী। মহারাজা জয়সিংহ ১৭২৮ খ্রি. ‘যন্তর-মন্তর’ এর পরিকল্পনা করেন। তিনি এ বিষয়ে পন্ডিত ব্যক্তিদের বিদেশে বিভিন্ন অবজারভেটরী পরিদর্শনে পাঠিয়েছিলেন। উনারা সেখান থেকে জ্ঞান অর্জন করে ফিরে আসলে রাজা জয়সিংহ তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে অধিক জ্ঞান সঞ্চয় করেন। এরই ফলশ্রুতিতে রাজা জয়সিংহ দামি পাথর খন্ড ও মার্বেল দিয়ে বিভিন্ন যন্ত্রাংশ তৈরী করে সেগুলি খোলা মাঠের মতো জায়গায় বিভিন্ন খন্ডে খন্ডে স্থাপন করেন। নামকরণ হয় ‘যন্তর-মন্তর।’ সেই সময়ের জন্য গ্রহ নক্ষত্রের অবস্থান, দূরত্ব, স্থান পরিবর্তন ইত্যাদি নির্ণয়ে ‘যন্তর-মন্তর’ এর কার্যক্রম অনেকাংশেই ছিল নিখুঁত। সূর্যের আলোর প্রতিফলন থেকে বেলা, সময় ইত্যাদিও সঠিকভাবে নির্ধারণ করা হতো ‘যন্তর-মন্তর’ এর সাহায্যে। রাশি চক্রের বিভিন্ন রাশির অর্থ এবং প্রভাব সম্পর্কীত ব্যাখ্যা লিপিবদ্ধ আছে বিভিন্ন যন্ত্রাংশের গায়ে। দেখা আর শেষ হয় না। সিটি প্যালেসের পাশেই অবস্থিত বিখ্যাত হাওয়া মহল। ১৭৯৯খ্রি. মহারাজা প্রতাপ সিংহ হাওয়া মহল নির্মাণ করেন। কিছুটা পিরামিড আকৃতির ৫তলা বিশিষ্ট এ ভবন। সারি-সারি অসংখ্য ছোট, ছোট জানালা আর ঝালরে আবৃত ভবন, ছাদে ফুলের বাগান। চেয়ে চেয়ে শুধু দেখতেই ইচ্ছে করে। রাজকীয় পরিবারের মহিলারা হাওয়া মহলের ভিতরে জানালার পাশে বসে রাজকীয় উৎসব, শোভাযাত্রা ইত্যাদি অবলোকন করতেন। বাইরে থেকে তাদের দেখা যেত না কিন্তু ভেতর থেকে মহিলারা বাইরের সবকিছুই দেখতে পেতেন। মূলত: এই উদ্দেশ্যই হাওয়া মহল নির্মাণ করা হয়েছিল। সিটি প্যালেস থেকে যখন বাইরে বেরিয়ে এলাম তখন বেলা অনেক গড়িয় গেছে। রাস্তার পাশে এক ধাবায় দুপুরের লাঞ্চ বিকেলে খেয়ে আমাদের নিয়ে মহসিন খান দ্রুত গাড়ি ছুটালের শহরের আরেক দিকে। সেখানে আছে বিখ্যাত ‘জলমহল।’ উদ্দেশ্য সন্ধ্যার আগে আগেই জলমহল দেখে হোটেলে রাত্রি বাস। পরের দিন আম্বের ফোর্ট, নাহার ফোর্ট, মিউজিয়াম, চিড়িয়াখানা ইত্যাদি ঠাসা প্রোগ্রাম। (চলবে)
লেখক: সিনিয়র আইনজীবী ও কথাসাহিত্যিক

  • [১]