স্টাফ রিপোর্টার
সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও নদীর তীরবর্তী এলাকায় নির্মিত বেড়িবাঁধ কেটে মাটি নেয়া হচ্ছে আজিজ ব্রিক ফিল্ডে। এতে বেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে। বেড়িবাঁধের প্রায় ২০ ফুট জায়গা কেটে সেখানে মোটা পাইপ বসানো হয়েছে। বাঁধের এক প্রান্তে থাকা সুরমা নদীতে অবস্থিত বাল্কহেড ও বাঁধের অন্যপ্রান্তের অদূরে অবস্থিত ব্রিকফিল্ডকে সংযুক্ত করেছে ওই পাইপ। বাঁধ কেটে পাইপ স্থাপন করায় পুরো বাঁধটি এখন হুমকির সম্মুখীন বলে জানিয়েছেন এলাকাবাসী।
ব্রিক ফিল্ডের মালিক সুয়েব আহমদ জানান, আমি ৬-৭ দিন ধরে আমি ব্রিক ফিল্ডে যাইনি। নদীরপাড়ের বেড়িবাঁধ কেটে মাটি উত্তোলনের বিষয় আমার জানা নেই।
ব্রাহ্মণগাঁও গ্রামের বাসিন্দা শহীদ নুর বলেন,‘এই বেড়িবাঁধ থাকায় বন্যার সময় এলাকার ঘর-বাড়ি ও ফসলী জমি রক্ষা হয়। কয়েকদিন আগে দেখেছি বেড়িবাঁধ কেটে বিক ফিল্ডে মাটি নেয়া হচ্ছে। বেড়িবাঁধ কাটার কারণে আগামী বন্যায় পানি প্রবেশ করে ঘর-বাড়ি ও ফসলি জমির ক্ষতি করবে।’
একই গ্রামের আলী হোসেন বলেন,‘ধারারগাঁও, কাইমতর, গোদারগাঁও, নতুন ব্রাহ্মণগাঁও ও ব্রাহ্মণগাঁও এলাকার সকল ঘর-বাড়ি ও ফসলি জমি রক্ষা করে আসছে এই নদীরপাড়ের বেড়িবাঁধ।’
৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সফু মিয়া বলেন,‘আমার ইউনিয়নের ঘর-বাড়ি ও ফসল রক্ষার জন্য যুগ যুগ ধরে এই বেড়িবাঁধে মাটি ফেলে সংরক্ষণ করা হচ্ছে। এই বেড়িবাঁধ কেউ কেটে থাকলে বিষয়টি এলাকাবাসীকে নিয়ে সরেজমিনে গিয়ে দেখব।
উর্দ্ধতন মহলেও জানানো হবে।’
কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল বরকত বলেন, ‘ ব্রাহ্মণগাঁও এলাকায় কেউ যদি বেড়িবাঁধ কেটে থাকে, তা খুঁজে দেখে উর্দ্ধতন কর্র্তৃপক্ষকে জানানো হবে।’