- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বেয়াইর বাড়িতে রাগীব আলী- ফন্দি আঁটছেন যুক্তরাজ্যে পালানোর

সু.খবর ডেস্ক
জালিয়াতির মাধ্যমে তারাপুর চা বাগানের ভূমি আত্মসাৎ ও বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের আলোচিত দুটি মামলায় শিল্পপতি রাগীব আলীসহ ছয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গত ১০ আগস্ট এই পরোয়ানা জারির পরপরই ছেলে, মেয়ে, পুত্রবধু ও নাতিসহ পরিবারের সাত সদস্য নিয়ে ভারতে পালিয়ে যান রাগীব আলী।
সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তারা। বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে ভারতের আসাম প্রদেশের শিলচরে পুত্রবধু সাদিকা জান্নাতের বাবার বাড়িতে (বেয়াইর বাড়িতে) অবস্থান করছেন তিনি। তবে সেখানে বেশিদিন অবস্থান করতে চান না রাগীব আলী। তার গন্তব্য এবার যুক্তরাজ্য। সেখানেই থিতু হতে চান তিনি। রাগীব আলীর ঘনিষ্ট একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে।
সূত্র জানায়,
 রাগীব আলী বর্তমানে ভারতের শিলচরে আত্মীয়ের বাড়িতে অবস্থান করলেও সেখানে তার মন টিকছে না। সিলেটের অনেকেরই শিলচরে যাতায়াত থাকায় সেখানে আত্মগোপন করে থাকা নিরাপদ নয় বলে মনে করছেন তিনি।
সূত্র আরো জানায়, ভারতে পালিয়ে যাওয়া রাগীব আলী, তার ছেলে আব্দুল হাই, পুত্রবধু সাদিকা জান্নাত, মেয়ে রুজিনা কাদির ও নাতির যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে। ভারতে যাওয়ার সময় তারা সাথে করে যুক্তরাজ্যের পাসপোর্টও নিয়ে গেছেন। রাগীব আলীর অনেক আত্মীয়স্বজন, শুভাকাঙ্খীও যুক্তরাজ্যে বসবাস করছেন। ফলে পালিয়ে থাকার জন্য যুক্তরাজ্যকেই নিরাপদ জায়গা বলে মনে করছেন রাগীব আলী। এজন্য যতো দ্রুত সম্ভব তিনি সেখানে পাড়ি জমাতে চাইছেন।
সূত্র জানায়, রাগীব আলী ভারত থেকে তার মামলার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। হুট করে দেশ ছাড়ায় তিনি তার বিশাল সহায়-সম্পদের কোনো কূল-কিনারা করে যেতে পারেননি। এজন্য তিনি চাইছেন, কিছুদিন পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি আড়ালে পড়ে গেলে তিনি গোপনেই দেশে ফিরবেন। এর আগে তিনি তার জামাতা আবদুল কাদিরের জামিনলাভের চেষ্টা চালাবেন। নিম্ন আদালত অথবা উচ্চ আদালত থেকে জামাতার জামিন নেয়া সম্ভব হলে গোপনে দেশে ফিরতে চান রাগীব আলী। ওই সময় তিনি তার সহায়-সম্পদের বিষয় জামাতা কাদিরকে সমঝে দিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমানোর চেষ্টা করবেন।
এদিকে, গত মঙ্গলবার রাগীব আলীসহ অন্যদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির দুটি মামলার চার্জ গঠনের কথা ছিল। তবে মামলাগুলোর কাগজপত্র প্রস্তুত না হওয়ায় চার্জ গঠনের তারিখ পিছিয়েছে। সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের অতিরিক্ত মুখ্য হাকিম সরাবন তাহুরা চার্জ গঠনের জন্য পরবর্তী তারিখ ধার্য্য করেন।
প্রসঙ্গত, গ্রেফতারি পরোয়ানা জারির দিনই সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান রাগীব আলী। তার সাথে ছেলে আবদুল হাই, ছেলের বউ সাদিকা জান্নাত, মেয়ে রুজিনা কাদির, নাতি ছাড়াও আরো এক ব্যক্তি ছিলেন।
সিলেটের তারাপুর চা বাগানের ৪২২ দশমিক ৯৬ একর জমি পুরোটাই দেবোত্তর সম্পত্তি। আশির দশকে রাগীব আলী জালিয়াতির মাধ্যমে এ বাগান দখলে নেন। চলতি বছরের ১৯ জানুয়ারি বাগানে রাগীব আলীর দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করেন আপিল বিভাগ।

  • [১]