- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বৈদ্যুতিক খুঁটি রেখে মহাসড়কে ঢালাই, দুর্ঘটনার আশংকা

ইয়াকুব শাহরিয়ার, শান্তিগঞ্জ
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার বাসস্টেশন এলাকার দু’পাশে বর্ধিত করা হচ্ছে সড়ক। নির্মাণ করা হচ্ছে বাসস্টপেজ। সুনামগঞ্জ থেকে সিলেটগামী যানবাহনের জন্য সড়কের উত্তরপাশে পুকুর ভরাট করে তৈরি করা হচ্ছে বাসস্টপেজ। পূর্ব-পশ্চিমে স্টপেজের দৈর্ঘ্য ৯০ মিটার ও উত্তর-দক্ষিণে প্রস্থ ৬.১ মিটার। দক্ষিণ পাশে বীরগাঁও সড়কের পশ্চিম দিক থেকে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মার্কেটের সামনে পর্যন্ত সমান দৈর্ঘ্য প্রস্থে বর্ধিত করা হচ্ছে সড়ক। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। এতে দীর্ঘদিন পরে হলেও আশা পূরণ হতে যাচ্ছে স্থানীয় এলাকাবাসীর। আশা করা হচ্ছে এবার হয়তো দূর হবে পাগলা বাজারের দীর্ঘদিনের ‘অভিশাপ’ খ্যাত চিরচেনা যানজট। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চললেও সমস্যা থেকে যাচ্ছে নতুন নির্মিত সড়কে। উত্তরপাশের বাসস্টপেজের পূর্বাংশে বৈদ্যুতিক খুঁটি রেখেই কাজ করে যাচ্ছে আবেদ-মনসুর নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ইতোমধ্যে ঢালাইয়ের কাজ সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। খুঁটি স্থানান্তর নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য এসেছে সড়ক ও জনপথ (সওজ) এবং পল্লী বিদ্যুতের পক্ষ থেকে।
শান্তিগঞ্জ পল্লী বিদ্যুতের এজিএম মো. নাদির হোসেন বললেন, পাগলা বাজারে সড়ক প্রশস্ত করার জন্য কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। খুঁটি সরানোর জন্য তারা আমাদের মৌখিকভাবে জানিয়েছেন। আমরা তাদেরকে একটি চিঠি দিয়েছি। তারা চিঠির কোনো জবাব দেননি। খুঁটি সরাতে সওজ কর্তৃপক্ষকে প্রসেস মেন্টেইন করার কথা বলা হয়েছে। প্রায় একমাস আগে আবেদনের ফি জমা দেওয়ার কথা বলা হয়েছে। তারা আর আমাদের সাথে যোগাযোগ করেন নি। তারা ফি জমা দিলে আমরা আমাদের কাজ করবো।
এদিকে সুনামগঞ্জ জেলা সড়ক ও জনপথের (সওজ) উপ-সহকারি প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমান বলেন, পাগলা বাজার সড়কের উত্তরপাশে কাজ চলছে। সড়কের মধ্যে পিডিবি’র দু’টি বৈদ্যুতিক খুঁটি ছিলো৷ একটি আমরা তাদের বলে সরিয়েছি। অপরটি সরানোর প্রসেস চলছে। পল্লী বিদ্যুতের একটি খুঁটি আমাদের সড়কের একেবারে মাঝখানে পড়েছে। খুঁটিতে তেমন তারও নেই। খুঁটিটি সরানোর জন্য আমরা বলেছিলাম। একটা খুঁটি স্থানান্তরের জন্য তারা দুই লাখ টাকার একটা ইস্টিমেট সাবমিট করেছেন। আমি আমার স্যারকে জানিয়েছি। তিনি জিএম স্যারের সাথে কথা বলবেন। আপাতত খুঁটির আশপাশে ঢালাই না দিয়ে অন্য জায়গা ঢালাইয়ের কাজ চলবে।
তিনি বলেন, স্থানীয় পল্লী বিদ্যুতকে বলেছিলাম, প্রসেস মেন্টেইন করতে অনেক সময় লাগবে। এতে আমাদের কাজের সময়ও চলে যেতে পারে। এতো টাকা না ধরে মূল খরচ যা আসে তা দিয়ে দেই। দুইটাই তো সরকারি প্রতিষ্ঠান। তারা বললেন, প্রসেস মেন্টেইন করতে।
শুক্রবার দুপুর ২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, পাগলা বাজারের উত্তর পাশে পল্লী বিদ্যুতের খুঁটি যে পাশে পড়েছে সে পাশে সিসি ও আরসিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। ঢালাই করা হয়নি খুঁটির চারপাশে আনুমানিক ৪ ফুট করে জায়গায়। সিসি ঢালাইয়ের কাজ চলছে বাসস্টপেজের পশ্চিমাংশে। উপরে বাঁধাই করা হচ্ছে আরসিসি ঢালাইয়ের রড। পশ্চিমাংশে এখনো রয়ে গেছে পিডিবির আরেকটি বৈদ্যুতিক খুঁটি। যদি এভাবে খুঁটি থেকে যায় তাহলে সড়কের যান চলাচল শুরু হলে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
স্থানীয়রা দাবি করেন, কাজ চলাকালীন সময় খুঁটিগুলো সরিয়ে নিলে রাস্তার কোনো ক্ষতি হবে না। পরে সরালে নতুন সড়ক খোঁড়াখুঁড়ি করতে হবে।
স্থানীয় রেস্টুরেন্ট ব্যবসায়ী রেজাউল হক রেজা বলেন, খুঁটিটি একদম আমার দোকানের সামনে। নির্মাণাধীন বাসস্টপেজের মাঝখানে। যদি এটি না সরানো হয় যে কোনো সময় সড়ক দুর্ঘটনা ঘটতে পারে। নিশ্চিত বিপদ এড়াতে খুঁটি সরানোর জোর দাবি জানাচ্ছি।
পাগলা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী মো. নূর বলেন, খুবই বিপজ্জনক একটি স্থানে খুঁটি রেখে ঢালাই হয়েছে। দ্রুত রাস্তার মাঝখান থেকে খুটি সরানোর দাবি করছি।
সড়কের ডিভাইডার নিয়ে প্রশ্ন
সরেজমিন পরিদর্শনকালে একাধীক স্থানীয় লোকজন এ প্রতিবেদককে জানান, উত্তর পাশের পূর্বের (পানি নিষ্কাশক) ড্রেইনকেই বর্তমান সড়কের বিভাজক (ডিভাইডার) হিসেবে রেখে দিতে চাইছেন নির্মাণ কর্তৃপক্ষ। স্টপেজে কাজ করা একজন বয়স্ক শ্রমিকের (নাম প্রকাশে অনিচ্ছুক) সাথে কথা বলে এ তথ্যের কিছুটা সত্যতাও পাওয়া যায়।
স্থানীয়রা বলছেন, যদি আগের ড্রেইনকে ডিভাইডার হিসেবে রাখা হয় তাদের খরচ বাঁচবে ঠিক কিন্তু আমাদের বাজারের পরিবেশ নষ্টের আশংকা থাকবে। ড্রেইনের ভিতরে ফাঁকা জায়গায় পানি জমা হবে। দু’দিকে সড়ক বন্ধ থাকায় পানি বেরুতে পারবে না। দীর্ঘদিন পানি একটি জায়গায় বন্ধ থাকলে এডিস মশাসহ নানান জীবাণু সৃষ্টি হবে। পরিবেশের ব্যাপক ক্ষতি হতে পারে।
সুনামগঞ্জ জেলা সড়ক ও জনপথের (সওজ) উপ-সহকারি প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমানের সাথে। তিনি বলেন, ড্রেইনকেই ডিভাইডার হিসেবে ব্যবহার করবো এ ধরণের কোনো সিদ্ধান্ত আমরা নেই নি। আগে সড়কের কাজ শেষ হোক। ডিভাইডার পরের বিষয়, সরেজমিনে দেখে সিদ্ধান্ত নেবো। পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা করবো না।

  • [১]