বিশেষ প্রতিনিধি
বন্যার পানি নামতে শুরু হলেও জেলাজুড়ে আমন চাষীদের সংকট তৈরি হয়েছে। বিগত বোরো মৌসুমে ধানে ছড়া আসার আগেই জেলার সিংহভাগ এলাকার এক ফসলি বোরো জমি ডুবে যাবার ঘটনায় প্রায় ৪ লাখ কৃষক পরিবার খাদ্য সংকটে পড়েছেন। এবার আমন ধানের বীজতলা কোথাও কোথাও পলি মাটি পড়ে, আবার কোথাও পানিতে ডুবে চারা নষ্ট হয়ে, কিংবা রোপণ করা ধান পচে নষ্ট হয়েছে। এ কারণে বিপাকে পড়েছেন প্রায় ২ লাখ কৃষক। নতুন করে বীজতলা তৈরি’র জন্য বীজ কিংবা ধানের চারা কোথাও পাচ্ছেন না তারা। এই অবস্থায় জেলার অনেক এলাকার কৃষকদের উপরই ‘মরার উপর খাড়ার ঘাঁ’ পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দোয়ারাবাজার, ছাতক, বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলার সুরমার উত্তর পাড়ের কৃষকরা। এসব অঞ্চলে আমন চাষ তুলনামূলক বেশি হয়।
ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের মুনিরজ্ঞাতি গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল আলী মাস্টার বলেন,‘আমাদের গ্রামে বোরো চাষী নেই। সকলেই আমন ধানের উপর নির্ভরশীল। চাষাবাদের শুরুতেই এবার বীজের সংকট ছিল। অনেক কষ্টে বেশি দামে বিভিন্ন স্থান থেকে বীজ সংগ্রহ করে বীজতলা তৈরি করেছিলেন কৃষকরা। এই সপ্তাহে ধান রোপণ করার কথা। কিন্তু বন্যার পানিতে সকল কৃষকেরই বীজতলা নষ্ট হয়ে গেছে। এখন আবার বীজতলা তৈরি করতে চাইলেও বীজ পাওয়ার কোন ব্যবস্থা নেই। ধানের চারাও পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় এবার জমি পতিতও থাকতে পারে। মানুষ খাদ্য সংকটে পড়বে।’
তিনি জানালেন, কেবল দক্ষিণ খুরমাই নয়। ছাতকের উত্তর খুরমা, দোলারবাজার, সিংচাপইড়, জাউয়াবাজার ও চরমহল্লা ইউনিয়নের বেশিরভাগ কৃষকই আমন ধানের উপর নির্ভরশীল এবং সকলেই এক অবস্থায় পড়েছেন।
একই অবস্থা দোয়ারাবাজার উপজেলায়ও। উপজেলার বেশিরভাগ এলাকার কৃষকরা আমন ধানের উপর নির্ভরশীল।
দোয়ারাবাজার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের হারিস আলী জানালেন, ১৫ কেয়ার বোরো জমি করেছিলেন, পানিতে ডুবেছে সবটুকুই। ২ কেয়ার জমি বন্ধক দিয়ে টাকার ব্যবস্থা করে এবার ৫ কেয়ার আমন ধান রোপণ করেছিলেন, এগুলোও পানিতে ডুবেছে। এখন খাওয়ারও ব্যবস্থা নেই। বন্ধকি জমিও হয়তো আর ছাড়াতে পারবেন না। তিনি এখন বাঁচার লড়াই করছেন। হারিস আলী জানান, গ্রামের রুস্তুম আলী, আকবর আলীসহ শতাধিক কৃষকেরও একই হাল।
বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলার কৃষক জমির আহমেদ বলেন,‘৫ কেয়ার জমি রোপণ করেছিলেন। ২ কেয়ার বীজতলা ছিল। পাহাড়ী ঢলের সঙ্গে আসা পলিতে ভরে গেছে এসব জমি। গত সোমবার গ্রামের পাশের বসন্তপুর বাজারে গিয়ে বীজ কিংবা চারা কোনটাই পাইনি। শুক্রবার আরেকবার বাজারে যাব। এরপর আশপাশের বাজারে খুঁজবো। না পাইলে পতিত থাকবে জমি। এর আগে এপ্রিলে ২২ কেয়ার বোরো জমি পানিতে ডুবেছে। আমাদের বাঁচার এখন আর কোন পথ নেই। আমার মতো কৃষক না টিকতে পারলে, যাদের কম জমি আছে, তারা কীভাবে বাঁচবে।’ তিনি জানান, বিশ্বম্ভরপুরের শক্তিয়ারখলা, সিরাজপুর, ইকরহাটি, বাগগাঁও ও ইলাসনগর এবং পাশ্ববর্তী বালিজুরি ইউনিয়নের কৃষকদের একই অবস্থা।
সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটার কৃষক আব্দুর রব বলেন,‘একজন কৃষকের বীজতলাও রক্ষা হয়নি। প্রথমেই অনেক কষ্টে বীজ পাওয়া গেছে। এখন কৃষকরা বীজ কোথায় পাবে এবং চাষাবাদ করবে কীভাবে?’
সুনামগঞ্জ বিএডিসি’র সিনিয়র সহকারী পরিচালক আওলাদ হোসেন বলেন,‘বিএডিসির কাছে কোন বীজ নেই। দেশের অন্য স্থানেও বিএডিসিতে বীজ আছে বলে জানা নেই আমার। এই অবস্থায় কৃষকের কাছে কোন বীজ বা ধানের চারা থাকলে চাষাবাদ হবে, না হয় ২৮ জাতের ধানের বীজ নিয়ে চাষাবাদ করতে হবে।’
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক জাহিদুল হক বলেন,‘ জেলায় আমন চাষীর সংখ্যা প্রায় ২ লাখ। ২৬-২৭ হাজার কৃষকের জমি একেবারেই নষ্ট হয়ে গেছে। আমন আবাদের লক্ষ্যমাত্রা ৬১ হাজার ৬৯৪ হেক্টর, রোপণ করা হয়েছিল ২৭ হাজার ৩৩৭ হেক্টর। ৯ হাজার ২৩০ হেক্টর নিমজ্জিত হয়েছে।’ তিনি দাবি করেন, স্থানীয় জাতের কিছু বীজ কৃষকদের কাছে আছে, কিছু বীজতলা বন্যার পানিতে ডুবেনি, এই অবস্থায় সকল জমি পতিত থাকার আশংকা নেই’।
সুনামগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী আবু বখর সিদ্দিক ভুইয়া জানিয়েছেন, বন্যার পানি নামতে শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় সুরমা নদীর পানি ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।