স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রী এই কার্যক্রমের উদ্বোধন করেন।
বুধবার শহরের মল্লিকপুর খাদ্য গোদামে ধান ক্রয়ের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে খাদ্যমন্ত্রী বলেন, কৃষি বান্ধব প্রধানমন্ত্রী সব সময় হাওরের কৃষকদের কথা ভাবেন। কৃষকদের কথা ভেবেই এছর বাড়তি দাম দিয়ে ধান কিনছে সরকার। সকলকে মনে রাখতে হবে দেশের মানুষের খাদ্য যোগান কৃষকরাই দেন। কোনভাবেই কোন সি-িকেটের মাধ্যমে কৃষকরা প্রতারিত বা হয়রানির শিকার যাতে না হন, সকলকেই সেটি খেয়াল রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক নকিব সাদ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, সুনামগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দি চৌধুরী প্রমুখ। সুনামগঞ্জে এ বছর ২৫ হাজার ৮৭০ মে.টন ধান ক্রয় করবে সরকার।
এছাড়াও ভিডিও কনফারেন্সে ঢাকা বিভাগের নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা, রাজশাহী বিভাগের নওগাঁ ও বগুড়া জেলা, রংপুর বিভাগের দিনাজপুর জেলা এবং সিলেট বিভাগের সিলেট সদর, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ ৯টি জেলার জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা, মিল মালিক এবং কৃষক প্রতিনিধিরা অনলাইনে সংযুক্ত ছিলেন।
খাদ্যমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের সঠিকভাবে নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক পরিধান করে ধান সংগ্রহের মাধ্যমে মজুত ত্বরান্বিত করার নির্দেশনা দেন। ধান এবং চালের কোয়ালিটির সাথে কোনো প্রকার আপস করা হবে না বলেও জানান তিনি।
এছাড়া যে সব উপজেলায় অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান কেনা হবে; সেখানে যদি কোনো কৃষক অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে সমস্যায় পড়েন তাহলে সংশ্লিষ্ট কমিটিকে বিষয়টির গুরুত্ব দিয়ে দ্রুত সমাধান করার নির্দেশ দেন মন্ত্রী।
এ সময় অনলাইনে যুক্ত ছিলেন খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবর রহমানসহ খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে সারাদেশে সরাসরি কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, মিলারদের কাছ থেকে ৪০ টাকা কেজি দরে ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল ও ৩৯ টাকা কেজি দরে দেড় লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে সরকার।