বিন্দু তালুকদার
হাওরের বোরো ফসলহানির পর এবার পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে জেলার রোপা আমন হুমকির মুখে পড়েছে। তলিয়ে গেছে জেলার চার উপজেলার ২০০৫ হেক্টর জমি ও ৬৬৫ হেক্টর বীজ তলা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।
তবে স্থানীয় কৃষকদের দাবি গত তিন দিনে উজান থেকে নেমে আসা পানি ও বৃষ্টির কারণে জেলার চার উপজেলায় পানিতে তলিয়ে যাওয়া রোপা আমন ও বীজ তলার পরিমাণ আরো অনেকগুণ বেশী হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. জাহেদুল হক ও স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তাগণ গতকাল শনিবার সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার ক্ষতিগ্রস্ত রোপা আমন এলাকা পরিদর্শন করেছেন ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬১ হাজার ৬৯৬ হেক্টর। বীজতলার লক্ষ্যমাত্রা ছিল ৪,৮৪৭ হেক্টর। ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলায় ২৬ হাজার ৭২১ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করা হয়েছিল। এর মধ্যে জেলার সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও দোয়ারাবাজারে মোট ২০০৫ হেক্টর রোপা আমন ও ৬৬৫ হেক্টর বীজতলা পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন নদীর পানি বৃদ্ধি ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় এখনই ক্ষয়-ক্ষতি নিরুপণ করা সম্ভব হচ্ছে না।
বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দ.) ইউনিয়নের শক্তিয়ারখলা গ্রামের কৃষক রফিক আহমেদ বলেন,‘ গত বোরো মৌসুমে ১৫ কেদার জমি করেছিলাম, এক কেদার জমির ধানও ঘরে আনতে পারিনি। ভাবছিলাম আমন ধান করে হয়তো পরিবার-পরিজন নিয়ে কোন রকমে বাঁচা যাবে। গত শুক্রবার ৮ কেদার আমন জমিতে ধান রোপণ করেছিলাম। মাত্র একদিন পর সব রোপা ধান পানিতে তলিয়ে গেছে।’ হতাশার সুরে তিনি আরো বলেন,‘ এই বছর কৃষকদের শুধু মরার বছর আর ক্ষতির উপর ক্ষতি।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. জাহেদুল হক বলেন,‘ চার উপজেলায় মোট ২০০৫ হেক্টর রোপা আমন ও ৬৬৫ হেক্টর বীজতলা পানিতে তলিয়েছে। নদীর পানি বৃদ্ধি হওয়ায় জেলার জামালগঞ্জ, দোয়ারাবাজারে আরো কিছু এলাকা প্লাবিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে। পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি কয়েকদিনের মধ্যে জমি ও বীজতলা থেকে সরে গেলে কোন ক্ষতি হবে না। এছাড়া ওইসব রোপা আমন জমিতে আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ধান রোপা করা সম্ভব হবে। তবে পানির স্থায়িত্ব বেশী হলে ও ধানের উপর পলি মাটি ভরাট হয়ে গেলে ক্ষতি হতে পারে।’