- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বোরো ফসলে সহায়তা পাচ্ছেন ২৬০০ জন!

বিন্দু তালুকদার
বিগত মৌসুমে অকাল বন্যায় সুনামগঞ্জের বোরো ফসলের ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সরকারের পক্ষ থেকে দেওয়া সহায়তাকে কৃষকরা অপ্রতুল এবং লোক দেখানো কাজ হিসাবে মন্তব্য করেছেন। লাখ টাকার ক্ষতিগ্রস্ত কৃষককে হাজার টাকার সহায়তা দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেছেন কৃষকরা। কৃষি বিভাগের প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী ৭২ হাজার ২৬২ জন কৃষকের মধ্যে লোক সহায়তা পাচ্ছেন মাত্র ২৬০০ জন। সহায়তার এই স্বল্পতার জন্য কৃষি বিভাগের ক্ষয়ক্ষতির পরিমাণ কম দেখানোকেও দায়ী করেছেন কৃষকরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. জাহেদুল হক বলেন,‘গত বোরো মৌসুমের ক্ষতিগ্রস্তদের মধ্যে ২৬০০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে কৃষি বিভাগের পক্ষ থেকে পূনর্বাসনের জন্য সার-বীজ সহায়তা দেয়া হবে। প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ ধান, ২০ কেজি ভিএপি ও ১০ কেজি পটাস সার বিনামূল্যে দেয়া হবে। অন্যান্য জেলায় পুনর্বাসন ও সহায়তার তালিকা আরো অনেক কম হলেও আমরা তুলনামূলকভাবে একটু বেশী পেয়েছি।’  
তিনি আরো বলেন,‘সরকারের কৃষি বিভাগ থেকে কৃষি প্রণোদনা হিসাবে কৃষকদের সমবায় ভিত্তিক বা কৃষক সমিতির মাধ্যমে ধান কাটার যন্ত্রপাতি বিনামূল্যে প্রদানের চিন্তা-ভাবনাও চলছে। আমরা আশা করি কৃষকদের এসব কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হবে।’
স্থানীয় সূত্রে জানা যায়, গত এপ্রিল মে মাসে অতিবৃষ্টি, শিলাবৃষ্টি ও বাঁধ ভেঙে জেলার ৪২টি হাওরের বোরো ফসলের ক্ষতি হয়েছে হাজার কোটি টাকার। যদিও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি অনুযায়ী ফসলের মোট ক্ষয়-ক্ষতির পরিমাণ ৪৫৪ কোটি টাকা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি জেলার ৪২ টি হাওরের ৩৩ হাজার ২১৯ হেক্টর বোরো জমির ফসল নষ্ট হয়ে ক্ষয়-ক্ষতি হয়েছিল ৪০৩ কোটি ৯৪ লাখ ৩০ হাজার টাকা এবং শিলাবৃষ্টিতে  জেলার মোট ৩৭ হাজার ৩৫১ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে  ৫০ কোটি ২৪ লাখ ৩২ হাজারসহ মোট ক্ষয়-ক্ষতির পরিমাণ ছিল ৪৫৪ কোটি ১৮ লাখ ৬২ হাজার টাকা।
তবে শুরু থেকেই জেলার বিভিন্ন উপজেলার স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধিরা দাবি করেছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  দেয়া ফসলের ক্ষয়-ক্ষতির বিবরণ মোটেও সঠিক নয়। এই প্রতিবেদন কৃষি বিভাগের মনগড়া ও ভিত্তিহীন। কৃষকদের সাথে কথা না বলে এসব তথ্য তৈরি করা হয়েছিল।
দিরাইয়ের ভাটিপাড়া এলাকার কৃষক রফিক মিয়া বলেন,‘ গত বছর লাখ লাখ কৃষকের ধান পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ সরকার থেকে কৃষকদের সহায়তা করা বা পুনর্বাসন করার কোন উদ্যোগ আমাদের নজরে পড়ছে না। গত কয়েক বছর ধরেই কোন না কোনভাবে হাওরের ধান ক্ষতিগ্রস্ত হয়। তবে সরকারীভাবে বা কৃষি বিভাগ থেকে কোন সহযোগিতা পাওয়া যায় না। কৃষকরা বার বারই উপেক্ষিত হচ্ছে।’
দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নের পাবর্তীপুর গ্রামের বাসিন্দা দেখার হাওরের কৃষক মখলিছ মিয়া বলেন,‘ গত বছর আমি দেখার হাওরে প্রায় আড়াই হাল (৩০ কেদার) জমি করেছিলাম। প্রায় আড়াই লাখ টাকার ধান আমার পানির নিচে তলিয়ে গেছে। কৃষি বিভাগ থেকে কোন পরামর্শ ও সহায়তা দেয়ার জন্য কেউ আমাদের কাছে আসেন নি। সরকারের পক্ষ থেকে সহায়তা দিলে হয়তো গ্রামের দুই-তিন জন পাবে। আর এত কম সার-বীজ দিয়ে আমাদের কিছুই হবে না। ঋণ করে নিজ উদ্যোগে সার-বীজ আমরা বাজার থেকে কিনেছি।’
ধর্মপাশা উপজেলার জয়শ্রীপুর গ্রামের কৃষক নূর মিয়া বলেন,‘ গত বছর আমার প্রায় এক হাল জমির ধান পানিতে গেছে। সারা বছরের পরিশ্রমের ফসল পানিতে ডুবেছে। সরকারের পক্ষ থেকে কোন ধরণের সাহায্য-সহযোগিতা পাইনি। এইবার গ্রামের কাউকে সরকারি সার-বীজ দেওয়া হয় নি।’
জেলা সিপিবির সভাপতি অবসরপ্রাপ্ত সহযোগি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার বলেন,‘বাংলাদেশের সহজ সরল কৃষকদের নিয়ে সরকার খেলছে। এসব সহায়তা ও পুনর্বাসনের নামে উপহাস করা হচ্ছে কৃষকদের। হাওরের লাখো কৃষক ক্ষতিগ্রস্ত হলেও লোক দেখানো সহায়তা দেয়া হচ্ছে মাত্র হাজার-দু’য়েক লোককে। এটা কৃষকদের সাথে প্রতারণার সামিল। এধরণের লোক দেখানো সহায়তার জন্য হাওর পাড়ের কৃষক বসে থাকে না। তারা নিজেদের উদ্যোগেই আবারো ফসল ফলানোর উদ্যোগ নিয়েছেন।’
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা বলেন,‘ সারা জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের সংখ্যা অনুযায়ী সহায়তার সংখ্যা খুবই নগণ্য। যারা গত বোরো মৌসুমে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে ঘুড়ে দাঁড়ানোর জন্য সরকারি কৃষি প্রণোদনা ও সহায়তা আরো বৃদ্ধি করা প্রয়োজন। একই সাথে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা যেন সরকারি সকল সুযোগ সুবিধা পায় তা নিশ্চিত করতে হবে।’

  • [১]