শহীদনূর আহমেদ
১৩ সেপ্টেম্বর পালিত হবে মুসলিম সম্প্রদায়ে ঈদুল আজহা বা কুরবানীর ঈদ। কুরবানীর ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন শহরের লৌহশিল্পীরা। পশু কুরবানী করতে ব্যবহৃত ছুরি, চাকু, ভুজালি, বটি দা তৈরি করতে এখন তারা রাত দিন কাজ করছেন। কিন্তুঈদের মাত্র আর মাত্র ৮ দিন বাকি থাকলেও প্রত্যাশিত পরিমাণে ক্রেতার দেখা না পেয়ে হতাশ হয়ে পড়েছেন তারা।
দুইএকজন ক্রেতা আসলেও তারা কামারশালার পরিবর্তে ছুটছেন মেশরারি দোকানে। কিনছেন বিদেশী সফেদ ছুরি, চাকুসহ পশু কুরবানিতে নানান সরঞ্জাম। তবে লৌহশিল্পীরা অপেক্ষা করছেন ঈদের আগের দুই দিনের জন্য, কারণ তখনই তাদের বানানো পণ্যের জন্য ক্রেতাদের সমাগম ঘটবে। অভিজ্ঞতা থেকে এরকম ধারণার কথাই জানালেন কয়েক জন লৌহশিল্পী।
শনিবার সরেজমিনে শহরের পশ্চিম বাজারের বিভিন্ন কামার কারখানার শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, কুরবানির ঈদে ব্যবহৃত ছুরি, চাকু, ভুজালি,দা তৈরীর জন্য দিনভর কাজ করছেন তারা, ফুসরত নেই খাবারেরও। তাদেরই কয়েকজন আক্ষেপ করে বলেন, ‘মাথার ঘাম পায়ে ফেলে লোহা-ইস্পাত পিটিয়ে যে সরঞ্জাম তৈরী করছি তার ন্যায্য মূল্য এখন পাওয়া যায় না।’
এদিকে কামারশালায় তৈরি লৌহপন্যের বাজারকে চ্যালেঞ্জে ফেলেছে সস্তা দামের দেশি-বিদেশি মানহীন পণ্য। এখন মিশিনারী দোকানগুলোতে কিনতে পাওয়া যাচ্ছে বিদেশি সফেদ ছুরি, চাকু ও ভুজালি।
কামারশালায় দেশীয় প্রযুক্ততে তৈরি কুরবানীতে ব্যবহারযোগ্য বিভিন্ন সরঞ্জামের মূল্য জানতে চাইলে যে তথ্য পাওয়া যায় তা হলো- ছুরি সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ২০০টাকা। চাকুর মুল্য সর্বনিম্ন ৫৫০ টাকা থেকে সর্বোচ্চ ৭০০টাকা, ভুজালির মুল্য সর্বনিম্ন ৫৫০ টাকা থেকে সর্বোচ্চ ৭০০টাকা। দা’র মুল্য সর্বনিম্ন ৪০০টাকা থেকে সর্বোচ্চ ১০০০ টাকা । পশ্চিম বাজারের লৌহশিল্পী হরেন্দ্র চন্দ দেব বলেন, ঈদের সময় পশু জবাই করতে ছুরি, চাকু, দাসহ বিভিন্ন সরঞ্জাম তৈরী করতে আমরা ব্যস্ত আছি। তবে এখনও ক্রেতার দেখা পাচ্ছি না। আসা করছি ঈদ ঘনিয়ে আসলে ক্রেতার ভীড় বাড়বে।
নেপাল দেব নামে আরেক শিল্পী বলেন,কি করব কাজ করে। জিনিসের সঠিক মজুরি পাচ্ছি না।এখন ক্রেতারা বিদেশী সরঞ্জাম কিনছেন। দিন দিন আমাদের বিকি কিনি কমে যাচ্ছে।