সু.খবর ডেস্ক
গুঞ্জন শোনা যাচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির পর ব্যাটিং কোচ হিসেবে আর থাকছেন না শ্রীলঙ্কান থিলান সামারাবিরা। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্য হলো। মেয়াদ বাড়ানো হয়নি এ শ্রীলঙ্কানের। তাই অস্ট্রেলিয়া সিরিজকে লক্ষ্য রখে খোঁজা হচ্ছে নতুন ব্যাটিং কোচ। ইংল্যান্ড সিরিজকে লক্ষ্য রেখে গত জুলাইয়ে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান সামারাবিরা। ওই সিরিজের পর তার মেয়াদ বাড়ানোর কথা ছিল না। তবে হঠাৎ করেই গত নভেম্বরে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তার চুক্তি বাড়ানো হয়।
বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে অবশ্য খুব একটা জনপ্রিয় ছিলেন না সামারাবিরা। ব্যাটসম্যানরাও তার কাজে তেমন সন্তুষ্ট ছিলেন না। মূলত প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহের কারণেই ব্যাটিং কোচের পদে ছিলেন তিনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর তাকে নিয়ে আর উচ্চবাচ্য করেননি এ হাথুরু।
বিষয়টি সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান আকরাম খান জানালেন, ‘সামারাবীরাকে আমরা আর রাখছি না। ওর কাজ নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরণের মতামত ছিল। খুব শীঘ্রই আমরা নতুন ব্যাটিং কোচ নিয়োগ দেব।’
এদিকে গুঞ্জন চলছে ব্যাটিং উপদেষ্টা হিসেবে আসছেন অস্ট্রেলিয়ার মার্ক ও’নীল। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ঘরোয়া ক্রিকেটে দারুণ সফল তিনি। তবে বাবা নর্ম ও’নীল অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ৪২টি টেস্ট। এর আগে নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন মার্ক। কাজ করেছেন কাউন্টি দল মিডলসেক্সের হয়েও।