স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেন,‘যুবলীগের নেতাকর্মীরা হবেন সৎ ও নিষ্টাবান। যুবলীগ কোন চাঁদাবাজী ও সন্ত্রাসের জায়গা নয়। যুবলীগ হলো আদর্শবান মানুষের জায়গা, যারা মানুষের রাজনীতি করেন তারা হলেন যুবলীগের নেতাকর্মী।’
জেলা যুবলীগের সাবেক আহবায়ক ব্যারিস্টার এম এনামুল কবিরকে ইঙ্গিত করে তিনি আরো বলেন,‘আগে যিনি জেলা যুবলীগের দায়িত্বে ছিলেন, তিনি ঢাকায় বসে রাজনীতি করেছেন। তিনি যুবলীগের কোন কমিটি গঠন করতে পারে নাই। তিনি সব যুবলীগ নেতাকর্মীদের কাছ থেকে সিভি নিয়েছিলেন। যুবলীগের নেতাকর্মীরা লাইন ধরে তার কাছে সিভি জমা দিয়েছিলেন। কমিটি দিতে টাকার জন্য নেতাকর্মীদের সাথে দর কষাকষি করেছেন। তিনি একজন ব্যর্থ যুবলীগার ও ব্যর্থ আওয়ামী লীগার। জেলা আওয়ামী লীগের সম্মেলনের দিন তৃণমূলের নেতাকর্মীরা মতিউর রহমান ও নুরুল হুদা মুকুটের নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু আমাকে বাদ দিয়ে উপর থেকে নাজিল করা হয়ে গেলো ব্যারিস্টার ইমনকে। ব্যারিস্টার ইমন একবছর হয় জেলা আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছেন কিন্তু একটি মিটিং এবং কোন কমিটি গঠন করতে পারেন নাই। কেন্দ্রীয় কোন কর্মসূচি পালন করেন নাই। ১৬ ডিসেম্বরের মতো একটি জাতীয় দিবসও পালন করতে পারেন নাই। ১৫ আগস্টের কর্মসুচি পালন করতে পারেন নাই। সেটা আমাদের জন্য দুঃখ হয়। আমি যখন দায়িত্বে ছিলাম তখন সকল কর্মসূচি পালন করেছি।’
তিনি আরো বলেন, ‘ব্যারিস্টার ইমন সব সময় ঢাকাতে থাকেন, সুনামগঞ্জে আসলে বাসা থেকে বের হন না। দায়িত্বে থেকে এক বছরের মধ্যে কোন কমিটি করতে ব্যর্থ হয়েছেন। এক বছরের মধ্যে কোন কমিটি গঠন করতে না পারলে কমিটি বিলুপ্ত হয়ে যায়। তাই আমরা জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করে সুনামগঞ্জের রাজনীতির হালচাল নিয়ে কথা বলব। আমরা নেত্রীকে বলব, তাকে এক বছর আগে কমিটি দিয়েছেন কিন্তু কমিটি কোন ধরনের মিছিল মিটিং বা কোন ধরনের কমিটি করতে পারে নাই। উনাকে বাদ দিয়ে নতুন করে সেক্রেটারি দেয়া হলে আবারো সুনামগঞ্জের আওয়ামী লীগ জেগে উঠবে, আওয়ামী লীগ আগের অবস্থানে ফিরে যাবে। তাই উনাকে বাদ দেয়া বলে উচিত মনে করি।’
নুরুল হুদা মুকুট আরো বলেন,‘আমরা নেত্রীর কাছে বলব এই ব্যর্থ কমিটি দিয়ে সুনামগঞ্জের পাঁচটি আসনে সফলতা আনা যাবে না। আপনি অচিরেই আওয়ামী লীগের সেক্রেটারি পরিবর্তন করে যারা আওয়ামী লীগ করে বড় হয়েছেন তাদেরকে সেক্রেটারির দায়িত্ব দেন। তাদেরকে দায়িত্ব দিলে আগামীতে আপনি সুনামগঞ্জের পাঁচটি সিট উপহার হিসাবে পাবেন। তাই পাঁচটি সিট যদি পেতে চান তাহলে বর্তমান সেক্রেটারি পরিবর্তন করেন।’
সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সোমবার বিকালে শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।