- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে শিক্ষকদের কর্মশালা

স্টাফ রিপোর্টার
বৃটিশ কাউন্সিলের স্কুল অ্যাম্বাসেডার মো. ইসমাইল হোসেনের উদ্যোগে স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জেলার বিভিন্ন স্থানের ২৭টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন। ওইদিন সকালে এই কর্মশালার উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন।
এসময় সরকারী জুবিলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল হক মোল্লা, সরকারী এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহীম, ছাতক উপজেলার চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও বৃটিশ কাউন্সিল অ্যাম্বাসেডার মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে প্রধান অতিথি নিজাম উদ্দিন বলেন, ‘বৃটিশ কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত শিক্ষকদের এই কর্মশালা শিক্ষার  মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষকগণ বৃটিশ কাউন্সিলের স্কুলস অন লাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে বিশ্বের অপরাপর শিক্ষকদের সাথে তাদের পাঠদান ও পাঠ্যক্রম বিষয়ের বিনিময়ের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্চ মোকাবেলায় তরুণদেরকে যোগ্য বিশ্ব নাগরিক হিসাবে গড়ে তোলতে সক্ষম হবেন।’
কর্মশালায় ২৭টি শিক্ষা প্রতিষ্ঠান স্কুলস অন লাইনে তাদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করে।
কর্মশালা শেষে আয়োজক মো. ইসমাইল হোসেন বলেন, ‘কর্মশালায় অংশগ্রহণকারী সকল শিক্ষকদের দক্ষতা বাড়াতে বৃটিশ কাউন্সিল বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করবে। এর মাধ্যমে  তাঁদের শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসাবে গড়ে তোলতে সক্ষম হবেন।’

  • [১]