সু.খবর ডেস্ক
বকেয়া ৪০৪ কোটি টাকা কর পরিশোধ করতে দেশের বৃহত্তম এনজিও বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটিকে (ব্র্যাক) নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। এ সংক্রান্ত সরকারের করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ বুধবার এই রায় দেন।
আদালতে ব্র্যাকের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও অ্যাডভোকেট আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর।
মামলার বিবরণী থেকে জানা যায়, ১৯৯৩-৯৪ ও ২০১১-১২ সাল পর্যন্ত ১১ করবর্ষে মোট ৪০৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার ৮৯২ টাকা আদায়ে জরিমানা দাবিনামা জারি করে ঢাকার ডেপুটি কর কমিশনার। এর বিরুদ্ধে ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালে মামলা করে ব্র্যাক। দুটি আদালতই কর আদেশ বহাল রাখেন।
এর বিরুদ্ধে হাইকোর্টে ১১টি ইনকাম ট্যাক্স রেফারেন্স দাখিল করে ব্র্যাক। ২০১৪ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট এক রায়ে ব্র্যাককে জনহিতকর প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে কর থেকে অব্যাহতি দেন। পরে এর বিরুদ্ধে ১১টি আপিল দায়ের করে ঢাকার কর কমিশনার। সেই আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের রায় বাতিল করে কর কমিশনারের সিদ্ধান্ত বহাল রাখেন আপিল বিভাগ।
রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার রাশেদ জাহাঙ্গীর শুভ্র সাংবাদিকদের জানান, ব্র্যাকের প্রদেয় আয়কর অব্যাহতিযোগ্য নয় বলে আপিল বিভাগ পৃথক ১১টি আপিল মঞ্জুর করে রায় দিয়েছেন। এর ফলে ১১টি করবর্ষের জন্য আয়কর বাবদ ট্যাক্সেস আপিল ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত ৪০৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার ৮৯২ টাকা ব্র্যাককে পরিশোধ করতে হবে। এই রায় পুনর্বিবেচনার আবেদন করা হবে কি-না জানতে চাইলে ব্র্যাকের আইনজীবী আসাদুজ্জামান বলেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।