- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বড়ছড়া-চারাগাঁও ও বাগলী শুল্কস্টেশন দিয়ে কয়লা আমদানী বন্ধ- ৫০ হাজার মানুষ জীবিকা সংকটে

বিশেষ প্রতিনিধি
দেশের উত্তর-পূর্বাঞ্চলের বৃহৎ কয়লা শুল্কস্টেশন তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও ও বাগলী দিয়ে কয়লা আমদানী নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় হাওরাঞ্চলের জেলা সুনামগঞ্জ ও নেত্রকোনার কয়লা নির্ভর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। এবার অকাল বন্যায় বেশিরভাগ হাওরের বোরোধান তলিয়ে যাওয়ার পর গত ১৬ মে থেকে আবারও কয়লা আমদানী বন্ধ হওয়ায় এই অঞ্চলের ৫০ হাজার মানুষের জীবন-জীবিকা কঠিন সংকটের মধ্যে পড়বে বলে মনে করছেন স্থানীয় বিশিষ্টজনেরা।
ভারতের মেঘালয়ের পরিবেশ আদালতের এক আদেশে গত ২ বছরে এই শুল্কস্টেশন দিয়ে কয়েক দফা আমদানী-রপ্তানী বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন বাংলাদেশের প্রায় ৪০০ আমদানীকারক। অপেক্ষাকৃত ভাল মানের মেঘালয়ের কয়লা আমদানী বন্ধ থাকায় দেশের বাজার দখল করে নিয়েছে কম দামের ইন্দোনেশিয়া, চীন ও আফ্রিকার কয়লা।
এদিকে, তাহিরপুরের শুল্কবন্দর দিয়ে কয়লা আমদানী বন্ধ থাকায় এবং মেঘালয়ের কয়লা কম আসায় বিপর্যয়ের মুখে পড়েছে সুনামগঞ্জের কয়লা নির্ভর অর্থনীতি। অভিজ্ঞ আমদানী কারকদের কেউ কেউ বলেছেন,‘নিজেদের অনৈক্য ও উদ্যোগেরও অভাব রয়েছে বড়ছড়া-চারাগাঁও শুল্কস্টেশনে’।
অবশ্য. আমদানীকারক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে ‘শুল্কবন্দরের চাঞ্চল্য ধরে রাখতে এবং আমদানী-রপ্তানী অব্যাহত রাখতে সকল উদ্যোগই নেওয়া হচ্ছে’।
ভারতের মেঘালয়ের পরিবেশবাদী সংগঠন ডিমাহাসাও জেলা ছাত্র ইউনিয়নের আবেদনের ভিত্তিতে ২০১৪ ইংরেজির ১৭ এপ্রিল ন্যাশনাল গ্রীন ট্রাইব্যুনাল মেঘালয় সরকারের অবৈধ কয়লা খনন ও পরিবহন বন্ধের নির্দেশ দেন। একই বছরের ৬ মে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় মুখ্যসচিব এ ব্যাপারে প্রতিটি জেলায় নির্দেশ জারি করেন। এই নির্দেশে গ্রীন ট্রাইব্যুনালের নির্দেশ কার্যকর করতে বলা হয় মেঘালয়ের জেলা প্রশাসকদের। এ কারণে ২০১৪ ইংরেজির ১৩ মে থেকে মেঘালয়ের সীমান্ত জেলাগুলোয় ১৪৪ ধারা জারি করে কয়লা পরিবহনে নিষেধাজ্ঞা জারি করা হয়।
এরপর থেকে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শুল্কবন্দর সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া- চারাগাঁও ও বাগলী দিয়ে কয়লা আমদানী বন্ধ হয়ে যায়।
রপ্তানীকারকরা আইনী লড়াই করে প্রথমে উত্তোলিত কয়লার রাজস্ব জমা দিয়ে ২ মাস রপ্তানীর সুযোগ পান। পরে এই সময় ৪ দফায় বাড়িয়ে আরো প্রায় ৭ মাস সময় বাড়িয়ে গত ১৫ মে পর্যন্ত রপ্তানী কার্যক্রম চালু রাখা হয়। এই সময়ের মধ্যে কেবল উত্তোলিত কয়লা রপ্তানী করেছেন মেঘালয়ের রপ্তানীকারকরা। কিন্তু মাইনিং করতে পারেননি।
সাবেক সংসদ সদস্য বিশিষ্ট কয়লা আমদানীকারক নজির হোসেন বলেন,‘বড়ছড়া-চারাগাঁও দিয়ে ভারতের মেঘালয় থেকে নামা কয়লার বাজার ধরে রাখতে হলে প্রতি মে.টন কয়লার আমদানী মূল্য থাকতে হবে ৫০ থেকে ৬০ ডলার। না হয় ইন্দোনেশিয়া, চীন ও আফ্রিকার কম মূল্যের কয়লার বাজারের সঙ্গে টিকে থাকতে সমস্যা হবে। ভারতীয় রপ্তানীকারকদেরও এই বিষয়টি বুঝাতে হবে। মেঘালয়ের কয়লার প্রতি টনের (অ্যাসেসমেন্ট রেইট) আমদানী মূল্য ৮৫ ডলার। অথচ. ইন্দোনেশিয়া, চীন ও আফ্রিকার কয়লার আমদানী মূল্য ৫০ ডলার। রপ্তানী করতে আগ্রহী থাকলে মেঘালয়ের রপ্তানীকারদেরও মূল্য কমিয়ে আনতে হবে, এটি বুঝানো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কয়লা উত্তোলন নিয়ে ভারতের উচ্চ আদালতে যে মামলা চলছে, এই নিয়ে আইনী লড়াই চালিয়ে যেতেও রপ্তানীকারকদের উৎসাহিত করতে হবে। এই বিষয়ে সুনামগঞ্জের আমদানীকারকদের ঐক্য এবং উদ্যোগের অভাব রয়েছে। মেঘালয়ের রপ্তানীকারকরা কমমূল্যে কয়লা রপ্তানী শুরু করেছিল। কিন্তু আমদানীকারকরাই সেটি নষ্ট করেছে, কেউ কেউ চড়া দামে কয়লা আমদানী করেছে, এ কারণে তারা (রপ্তানীকারকরা) মনে করেছে, মূল্য না কমালেও তাদের কয়লা রপ্তানী হবে। এজন্য আমদানীকারকদের ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিতে হবে’। তিনি জানান, না হয় হাওরাঞ্চলে এবার ফসলও ঘরে তোলা যায়নি, অন্যদিকে কাজও থাকবে না, এই অবস্থায় কিছু মানুষ এলাকা ছেড়ে কাজের সন্ধানে অন্যত্র যাবে, আবার কেউ কেউ এলাকায় থেকে চুরি-ডাকাতিতে যুক্ত হবে, আইন-শৃঙ্খলারও অবনতি ঘটবে।
বড়ছড়া-চারাগাঁও আমদানীকারক গ্রুপের সচিব রাজেশ কুমার তালুকদার জানান, উত্তোলিত কয়লা রপ্তানী’র বর্ধিত মেয়াদ গত ১৫ মে শেষ হওয়ায় ১৬ মে থেকে বড়ছড়া-চারাগাঁও-বাগলী শুল্কস্টেশন দিয়ে ভারতের কয়লা-আমদানী রপ্তানী বন্ধ হয়ে গেছে। আগামী ৭ জুলাই ভারতের রাজধানী দিল্লীর উচ্চ আদালতে মেঘালয়ের কয়লা উত্তোলন বিষয়ে শুনানী এবং একইদিনে উত্তোলিত কয়লা রপ্তানীর সময় বৃদ্ধির আবেদন জানাবেন রপ্তানীকারকরা। তিনি জানান, মেঘালয়ের প্রাক্তন খনিজ সম্পদমন্ত্রী ও বিশিষ্ট রপ্তানীকারক ডন মাশার সম্প্রতি বলেছেন, তারা আশা করছেন শর্তসাপেক্ষে মেঘালয়ে কয়লা উত্তোলনের সুযোগ হতে পারে তাদের।
এদিকে, কয়লা আমদানী রপ্তানী বন্ধ থাকায় সুনামগঞ্জের বেশিরভাগ ব্যাংকের মুনাফায়ও ধস নেমেছে।
প্রাইম ব্যাংক লি.’এর সুনামগঞ্জ শাখার সিনিয়র কর্মকর্তা চিরঞ্জীব চন্দ বলেন,‘আমদানী রপ্তানী চালু থাকলে বছরে আমাদের ৫০ লাখ টাকার বেশি আয় হবে। যেটি এখন বন্ধ প্রায়’।
ডাচ-বাংলা ব্যাংকের সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক জ্যোতি লাল গোস্বামী বলেন,‘তাহিরপুরের ৩ শুল্কবন্দরে রপ্তানী বন্ধ থাকলে বছরে সুনামগঞ্জের ব্যাংকগুলোর ৩ কোটি টাকা মুনাফা কমবে’।
তাহিরপুরের বাদাঘাট ইউপি চেয়ারম্যান, বড়ছড়া কয়লা আমদানীকারক গ্রুপের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন বলেন,‘কয়লা আমদানী বন্ধ থাকলে তাহিরপুরের ৩ শুল্কবন্দরের কমপক্ষে ২০ হাজার শ্রমিক বেকার থাকে এবং কমপক্ষে ৫০ হাজার মানুষের জীবন-জীবিকা সংকটের মধ্যে পড়ে। এবার অনেক হাওরে ফসলহানি ঘটেছে, এই অবস্থায় কর্মহীন এসব মানুষরা আরো বেশি সমস্যায় পড়বে’।
বড়ছড়া-চারাগাঁও রপ্তানীকারক সমিতির সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার বলেন,‘আমরা বার বারই রপ্তানীকারকদের নিয়ে এপারে-ওপারে বৈঠক করেছি, আমাদের যোগাযোগ ও উদ্যোগের জন্যই জানুয়ারি থেকে মে মাসের ১৫ তারিখ পর্যন্ত প্রতি মে.টন কয়লা ৪০ থেকে ৭০ ডলারেও আমদানী করা সম্ভব হয়েছে। আমরা আশা করছি জুলাইয়ের ৭ তারিখে আবার উত্তোলিত কয়লা রপ্তানীর সুযোগ পাবেন রপ্তানীকারকরা এবং আবার বন্দরগুলোয় চাঞ্চল্য ফিরে আসবে, ২০১৬ সালের মধ্যে কয়লা উত্তোলন সংক্রান্ত সকল সমস্যার সমাধান হয়ে যাবারও সম্ভাবনা রয়েছে’।

  • [১]