- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বড়পাড়ার বিবির মোকামের পাশে মাদক ব্যবসার অভিযোগ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরের বড়পাড়ার বিবির মোকামের পূর্ব পাশে সরকারি ভূমি বেদখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে মাদক ব্যবসা করার অভিযোগ উঠেছে। এঘটনায় প্রতিকার চেয়ে বুধবার জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন এলাকার লোকজন।
এলাকারবাসীর পক্ষে নাজিম উদ্দিন, কামাল হোসেন, মতিউর রহমান, সফিক আহমদ, আবু সোলেমান,এটিএম শাহিন রেজা ও জহরুল হক জেলা প্রশাসকের কাছে এই আবেদন করেছেন।
আবেদনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো সুপারিশ করেছেন পৌর মেয়র আয়ুব বখত জগলুল ও স্থানীয় পৌর কাউন্সিলর আহমদ নূর।  এলাকাবাসী লিখিত আবেদেন উল্লেখ করেছেন, ওই সরকারি ভূমিতে পশ্চিম তেঘরিয়ার মৃত আব্দুল জাহানের ছেলে আনোয়ার হোসেন ও বড়পাড়ার রনক মিয়ার ছেলে জুয়েল মিয়া অবৈধ স্থাপনা নির্মাণ করে মাদক ব্যবসা করে আসছেন। এতে এলাকার যুব সমাজ দিনে দিনে মাদকাসক্ত হয়ে পড়ছে। পাশাপাশি মাদকসেবীদের কারণে এলাকার মহিলাদের একমাত্র গোসলের স্থান, কাপড় ধোয়াসহ দৈনন্দিন কাজে নদীর পাড়ে আসা-যাওয়া করা অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয় এলাকাবাসী এসব খারাপ কাজের প্রতিবাদ করলেও আনোয়ার  হোসেন ও জুয়েল মিয়া এসব কাজ করা থেকে বিরত থাকছে না। তাই এসব ঘটনা প্রতিরোধে স্থানীয় লোকজন গত রবিবার মাদক বিরোধী প্রতিবাদ সভার আয়োজন করেন। ওই সভায় পৌর মেয়র আয়ুব বখত জগলুল ও স্থানীয় পৌর কাউন্সিলর নূর আহমদ উপস্থিত ছিলেন। মাদক বিরোধী সভায় এলাকাবাসী মাদক প্রতিরোধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঐক্যমত পোষণ করেন।

  • [১]