স্টাফ রিপোর্টার, তাহিরপুর
রক্তি নদীর উপর নির্মিত আনোয়ারপুর সেতুটি সংরক্ষণের স্বার্থে স্টীলবডি ও বাল্কহেড নৌকা চলাচলে নিষেধাজ্ঞা জারী করেছেন তাহিরপুর উপজেলা প্রশাসন। রবিবার বিকেলে আনোয়ারপুর সেতু এলাকা রক্তি নদীতে গিয়ে এ নিষেধাজ্ঞা দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
জানা যায়, সম্প্রতি এজিইডি প্রকৌশল বিভাগের বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে এবং যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাহিরপুর উপজেলার রক্তি নদীর উপর নির্মিত আনোয়ারপুর সেতুটি সংরক্ষণের স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সেতুটির নীচ দিয়ে নৌকা চলাচলের সময় সেতুটির অবকাঠামোর সাথে সংঘর্ষ ঘটতে পারে এরূপ সকল নৌযানের সেতুর নীচ দিয়ে চলাচলে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।
বড় নৌযান মালিক/সুকানীসহ নৌযান পরিচালনার সাথে সংশ্লিষ্ট সকলকে এ নিষেধাজ্ঞা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়ে দেয়া হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, রক্তি নদীর উপর আনোয়ারপুর সেতুর নীচ দিয়ে যাদুকাটা নদী থেকে উত্তোলিত বালু দালানকোটা নির্মাণের জন্য দেশের বিভিন্ন স্থানে স্টীলবডি নৌকা ও বাল্কহেড দিয়ে পরিবহন করা হয়ে আসছে যুগযুগ ধরে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে এবং যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাহিরপুর উপজেলার রক্তি নদীর উপর নির্মিত আনোয়ারপুর সেতুটি সংরক্ষণের স্বার্থে সকল বড় নৌযান সেতুর নীচ দিয়ে চলাচলে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। এ সময় তাহার সাথে ছিলেন,তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার ও বিজিবি’র সদস্যবৃন্দ।