বাংলার অগ্নিকন্যা খ্যাত বেগম মতিয়া চৌধুরীর কণ্ঠে বহুদিন পর ঝাঁঝালো কথা শোনা গেছে যা তাঁর ইমেজের জন্য মানানসই। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট আলোচনায় বেগম মতিয়া চৌধুরী অর্থমন্ত্রীর জনস্বার্থহানিকর কিছু বিষয়ের প্রতিবাদ জানাতে উচ্চকণ্ঠ হয়েছিলেন। বিশেষ করে সঞ্চয়পত্রের সুদহার কমানো এবং ব্যাংক আমানতের উপর আবগারি শুল্ক বাড়ানোর প্রতিবাদে বেগম মতিয়া চৌধুরী যে গণমুখী বক্তব্য দিয়েছেন তা বিশেষ প্রণিধানযোগ্য। মতিয়া চৌধুরী বলেছেন, ‘‘আমরা যদি ঋণ খেলাপীদের বোঝা নিতে পারি, তাদের তোয়াজও করতে পারি, তাহলে কেন মধ্যবিত্ত, নি¤œবেত্তের সামান্য বোঝা আমরা নিবনা? এদের একটাই প্রবলেম, এদের কোন প্রেসার গ্রুপ নাই, যদি থাকতো, তাদের কনসেশন আদায় করে নিতে পারতো। সেইখানেই এদের পক্ষ হয়ে আমি কথা বলব।’ কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর কথায় অর্থমন্ত্রী পেশকৃত বাজেটের গণবিমুখতা ফুটে উঠার পাশাপাশি আমাদের হতাশাজনক সামাজিক বিন্যাসের চিত্র উঠে এসেছে। যেখানে শেয়ারবাজার কেলেংকারি, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, ডেসটিনি কেলেংকারি, সোনালী ব্যাংকের বিভিন্ন কেলেংকারী, হলমার্ক এমন সব হাজার কোটি ছাড়ানো লুটপাটের বিষয়ে বর্ষিয়াণ অর্থমন্ত্রীকে বিচলিত হতে দেখি না বরং তিনি এগুলোকে সামান্য ক্ষতি বলে তাচ্ছিল্য করে এড়িয়ে যেতে দেখি সেই অর্থমন্ত্রীকে মধ্যবিত্তের বাঁচার অবলম্বন সঞ্চয়পত্রের সুদহার কমানোয় কিংবা ব্যাংক আমানতকারীদের আবগারী শুল্ক বাড়ানোয় অতি উৎসাহী হিসেবে আমরা দেখতে পাই। এই দুই বিষয়ে সারা দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠলেও অর্থমন্ত্রী নিজ সিদ্ধান্তে অটল থাকার ঘোষণা দিয়ে মূলত নিজের উচ্চবিত্ত তোষণ নীতির পরিচয় দিলেন। আর এই জায়গাতেই কৃষিমন্ত্রী আঘাত করে সাধারণ মানুষের মনের কথার প্রতিধ্বনি করলেন। এজন্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে অভিনন্দন। অর্থমন্ত্রী মূলত কী করছেন? তিনি আমানতের ও সঞ্চয়পত্রের সুদহার কমিয়ে যা এখন মুদ্রাস্ফিতিরও নীচে, সেই টাকা তুলে দিচ্ছেন লুটেরাদের হাতে। জনগণের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা মেরে দিয়ে ওই শ্রেণিটি বিদেশে টাকা পাচার করছে আর মধ্যবিত্ত-নি¤œবিত্তদের জীবনের বোঝা ভারি থেকে আরও ভারি হচ্ছে। এই লুটেরা তোষণ নীতির পরিবর্তন না হলে জাতীয় অর্থনীতির ফাঁপানো বেলুন চুপসে যেতে সময় লাগবে না। মনে রাখা দরকার সরকার এখন যে বিশাল বাজেট দিতে পারছে তার টাকার জোগান দেয় আমাদের সাধারণ মানুষ। ঘুম থেকে উঠার পর থেকে ওই জনসাধারণ নানাভাবে কর দেওয়া শুরু করেন, ঘুমানোর আগে পর্যন্ত তারা এই কর দিয়েই যান। কোন শিল্পপতি বা বড়লোক এই দেশের বাজারের ভোক্তা নয়। তাদের কর চলে যায় অন্যদেশের বাজেটে। করদাতা জনসাধারণকে বাঁশ দিয়ে কখনও সুষম অর্থনীতির ঢেকুর তোলা যাবে না।
সঞ্চয়পত্রের সুদহার কমানোয় সাধারণ মানুষ বিশেষ করে পেনশনার ও বয়স্ক ব্যক্তি এবং মহিলাদের জীবনে কি প্রতিক্রিয়া পড়েছে তা স্পষ্ট করে দেখা যায়। মুদ্রাস্ফিতির কারণে যেখানে জনগোষ্ঠীর বিভিন্ন অংশের আয় বাড়ছে সেখানে ওই আমানত নির্ভর মানুষগুলোর প্রকৃত আয় কমে গেছে উল্লেখযোগ্য পরিমাণে। বাজারের উর্দ্ধগতির মাঝে আয় কমে যাওয়া এই শ্রেণিটি এখন চোখে অন্ধকার দেখছেন। অর্থমন্ত্রীর বয়স্ক চোখের দৃষ্টি এই ভাগ্যবিড়ম্বিতদের দুয়ার পর্যন্ত পৌঁছাচ্ছে না। কৃষিমন্ত্রী অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘উনি জনগণের উপর এই বোঝা চাপিয়ে দিয়ে কি যক্ষের ধন পাহাড়া দিবেন?’ সত্যিই তো দেশের ভা-ার যদি মানুষের কল্যাণে না লাগে তাহলে ওই ভা-ারের স্বার্থকতা কোথায়? তাই কৃষিমন্ত্রীর সাথে এক হয়ে আমরাও সঞ্চয়পত্রের সুদহার কমানো ও ব্যাংক আমানতের আবগারি শুল্ক বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত হতে সরে আসার জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানাই।