- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বয়স ১৮ না হলে বিয়ে দেবেন না বাবা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা দিয়েছেন এক স্কুল ছাত্রীর বাবা। বুধবার দুপুরে উপজেলার মধ্যনগর থানায় এ মুচলেকা দেওয়া হয়। ফলে বাল্যবিয়ে থেকে বেঁচে যায় ১২ বছর বয়সী এক স্কুল ছাত্রী।
জানা যায়, ওইদিন দুপুরে স্কুল ছাত্রীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। বাল্যবিয়ের বিষয়টি ওই এলাকার এক সচেতন ব্যক্তি স্থানীয় সংবাদকর্মীদের ফেসবুকে ইনবক্স করেন। সংবাদকর্মীদের কাছ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক বিষয়টি জানতে পেরে এ বিয়ে বন্ধ করার উদ্যোগ নেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোতাহার হোসাইন ওইদিন ছাত্রীর বাড়িতে গিয়ে বাল্যবিয়ের আয়োজনের সত্যতা পান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোতাহার হোসাইন জানান, ছাত্রীর বাবা স্থানীয় এক ইউপি সদস্যকে নিয়ে মধ্যনগর থানায় এসে তাঁর মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে লিখিতভাবে অঙ্গীকার করেছেন।
এ বাল্যবিয়ে বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জানান, বাল্যবিয়ের ব্যাপারে স্থানীয় সংবাদকর্মীদের ভূমিকা প্রশংসনীয়। বাল্যবিয়ে প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিয়ে খুব দ্রুত জনসচেতনতামূলক সভার আয়োজন করা হবে।

  • [১]