আকরাম উদ্দিন
সদর উপজেলায় বিভিন্ন স্থান নদী ভাংগন কবলিত ও হুমকির মধ্যে রয়েছে। নদী ভাংগনের ফলে অনেকের ঘর, বাড়ি, ফসলি জমি ও গাছপালা নদীতে বিলীন হয়ে গেছে। বছরের পর বছর নদী ভাংগনের কবলে পড়ে ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে অনেক পরিবার। এসব গ্রামের সরল প্রাণ মানুষেরা নদী ভাংগনের প্রতিকার চেয়ে একাধিকবার আবেদন নিবেদন করেও কোনো জনপ্রতিনিধি বা দায়িত্বশীল অফিসের কর্মকর্তার সাড়া পাননি বলে জানান স্থানীয় বাসিন্দারা। তবে পানি উন্নয়ন বোর্ড কর্র্তৃপক্ষ জানান, নদীর ভাংগন মেরামতের জন্য প্রজেক্ট পাঠানো হয়েছে। তা অনুমোদন হয়ে আসলে মেরামত কাজ শুরু করা হবে।
কুরবাননগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের দক্ষিণপাড়ায় দীর্ঘ ৩০ বছর আগে থেকে শুরু হয়েছে নদী ভাংগন। এতে গ্রামের চিত্র পাল্টে গেছে বলে জানান স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান, খয়রুন নেছা, মহিবুর রহমান, মোহাম্মদ আলী, ফজর আলী, হাবিব মিয়া, জিয়াউর রহমানসহ আরও অনেকে।
স্থানীয় বাসিন্দারা জানান, সুরমা নদীর মাঝ পর্যন্ত ছিল এই গ্রামের সীমানা। নদী ভাংগনের কারণে ক্রমান্বয়ে পুরো গ্রামের বসতি সরে গেছে গ্রামের পশ্চিমের দিকে। গ্রামের বাসিন্দারা একে একে গ্রামের পশ্চিমের ফসলি জমিতে বসবাস শুরু করেছেন। এই গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের বাড়ি থেকে শুরু করে উত্তরপাড়ার মসজিদ পর্যন্ত নদী ভাংগন পরিলক্ষিত হচ্ছে। এতে অসংখ্য ঘর-বাড়ি ও গাছ-পালা নদীতে বিলীন হয়ে গেছে। নতুন ব্রাহ্মণগাঁও এলাকায় বাজ মিয়ার বাড়ির উত্তরে নদী ভাংগন দেখা দেওয়ায় অনেক ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে।
এদিকে, ব্রাহ্মণগাঁও মসজিদের সামনে নদীর পাড়ে ভাংগন রোধে প্রায় ৪ বছর আগে কিছু বক স্থাপন করা হয়েছিল। এ বছর স্থাপন করা বকের দক্ষিণের দিক থেকে শুরু করে সুনামগঞ্জ-দোয়ারা রোডের পাশে নদীরপাড়ে ভাংগন শুরু হয়েছে। ভাংগন প্রতিরোধ না করায় কয়েক বছর আগে গ্রামের মাটির রাস্তা বিলীন হয়ে গেছে নদীতে। এখন মেইন রোডের পাশে নতুনভাবে নদী ভাংগন শুরু হয়েছে। দীর্ঘদিন যাবত নদী ভাংগনের কোনো প্রতিকার নেই বলে জানান গ্রামের বাসিন্দা আসমত আলী ও আকবর আলী। তাঁরা জানান, গত এক বছর আগে বাড়ি ভেংগে নিয়ে গেছে নদী। এখন আমরা দুরে সরে বাড়ি তৈরি করেছি। স্থানীয় মেম্বার আবদুল মতিন জানান, আমরা অনেকবার নদী ভাংগন রোধের জন্য স্থানীয় এমপি’র সুপারিশ নিয়ে আবেদন করেছি। কিন্তু কোনো লাভ হয়নি।
রঙ্গারচর ইউনিয়নের হরিনাপাটী বাজার এলাকায় নদী ভাংগন শুরু হয়েছে। বিলীন হয়ে গেছে হরিনাপাটী বাজার এলাকা ও আব্দুল খালিক মেম্বারের বাড়ির পাশে সুরমা নদীর তীর।
এছাড়াও বলবপুর গ্রামের ইউনুস আলীর বাড়ির পাশে নদী ভাংগন শুরু হয়েছে। রঙ্গারচর গ্রামের আদার বাজার এলাকায় এবং বিরামপুর গ্রামের নাছির উদ্দিনের বাড়ির পাশে এই নদী ভাংগন শুরু হয়। স্থানীয় ইউপি সদস্য আনজব আলী জানান, বিগত ২০ বছর যাবত এই এলাকায় নদী ভাংগনের কোনো প্রতিকার নেই। ফলে ভাংগনের কবলে পড়ে অনেক মানুষের ঘর-বাড়ি ও ফসলি জমি হারিয়ে গেছে।
সুরমা ইউনিয়নের মইনপুর গ্রামের পুরো এলাকায় দীর্ঘ ৩০ বছর আগে থেকে নদী ভাংগন শুরু হয়েছে। নদী ভাংগনের ফলে অসংখ্য ঘর-বাড়ি ও গাছ-পালা নদীতে বিলীন হয়েছে। যুগ যুগ ধরে চলমান ভাংগনের ফলে এই গ্রামের চিত্রও পাল্টে গেছে বলে জানান মাও. মুজিবুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাই। এই গ্রামের ভাংগন প্রতিরোধে সরকারীভাবে কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে জানান এলাকার লোকজন।
অনুরূপ জগন্নাথপুর গ্রামেও নদী ভাংগন দেখা দিয়েছে। দীর্ঘ দিনের ভাংগনে এলাকার অনেক ঘরবাড়ি ও গাছ-পালা নদীতে বিলীন হয়ে গেছে। গ্রামবাসীরা বিভিন্ন সময়ে অফিস আদালতে আবেদন নিবেদন করেছেন। নদী ভাংগন থেকে বাঁচার জন্য তারা মানববন্ধনও করেছেন বলে জানান এলাকার বাসিন্দা শুধাংশু পাল ও নুরুল হক। তাঁরা জানান, আমরা এই নদী ভাংগন রোধের জন্য অফিস-আদালত এবং মন্ত্রীর কাছেও গিয়েছি। এই ভাংগন প্রতিরোধে এখন পর্যন্ত কোনো কাজ হচ্ছে না।
পূর্বইব্রাহীমপুর গ্রামে ২০০৭ সালের ৩ আগষ্ট থেকে নদী ভাংগন শুরু হয়েছে। অসংখ্য ঘর-বাড়ি ও গাছ-পালা নদীতে বিলীন হয়ে গেছে। পরে ২০১১ সালের ডিসেম্বরে ভাংগনের কিছু অংশে বক স্থাপন করা হয়েছিল। নিম্নমানের এই বক স্থাপন করায় সেগুলো কোন কাজে আসেনি। এখন ভয়াবহ ভাংগন দেখা দিয়েছে। এই ভাংগন প্রতিরোধে স্থানীয় এমপি’র নিকট বার বার ধর্ণা দিয়েও কোনো লাভ হয়নি বলে জানান স্থানীয়রা। যাতায়াতের রাস্তাও চলে গেছে নদীতে। বাঁশ দিয়ে রাস্তা নির্মাণের জন্য কয়েক বার স্থানীয় এমপি’র কাছে সহায়তা চেয়েছেন তারা। কিন্তু কোনো সহায়তা পাননি। এরপর এলাকায় চাঁদা তুলে এই ভাংগনের উপর দিয়ে ঝুঁকিপূর্ণ রাস্তা নির্মাণ করেন এলাকাবাসী। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে থাকেন এই রাস্তা দিয়ে। এতে ঘটে নানা দুর্ঘটনা। এলাকার বাসিন্দা গাজী রহমান জানান, আমরা কয়েকজন একাধিকবার এমপির কাছে গিয়েছিলাম ভাংগন সংস্কারের জন্য। কিন্তু কিছুই হয়নি।
পৌর শহরের লঞ্চঘাট এলাকায় নদী ভাংগন দেখা দেয় অনেক আগেই। এই ভাংগনের কবলে পড়ে যাতায়াতের রাস্তা ও অনেক দোকান-পাট নদীতে বিলীন হয়ে গেছে। দীর্ঘদিনের চলমান এই ভাংগনের ফলে বিপন্ন হয়ে পড়েছে লঞ্চঘাট এলাকার পরিবেশ। ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেছে অনেকের। লঞ্চঘাটের ব্যবসায়ী হুমায়ুন কবীর জানান, আমার দুইটি দোকান বিলিীন হয়ে গেছে নদীতে। আমার ব্যবসা এখন বন্ধ। মো. সাবাজুর রহমান জানান, আমার দোকানঘর নদীতে বিলীন হয়ে গেছে। আমাদের এই ক্ষতির কথা শুনারও মানুষ নেই। যদি কেউ শুনতো তাহলে জরুরি ভিত্তিতে এই ভাংগন প্রতিরোধ করা হতো। এই ভাংগন এলাকা পরিদর্শন করেছেন, মন্ত্রী, এমপিসহ প্রশাসনের দায়িত্বশীলদের অনেকেই। কিন্তু এখন পর্যন্ত ভাংগন প্রতিরোধের জন্য কিছুই করা হয়নি।
মোহনপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে নদী ভাংগন দেখা দিয়েছে। ইউনিয়নের পৈন্দা গ্রাম, মোহনপুর গ্রামের পশ্চিমের অংশে, রহমতপুর, রামনগর ও উজান রামনগর কবরস্থান এলাকা নদী ভাংগনের কবলে বলে জানান এলাকাবাসী। পৈন্দা গ্রামের বাসিন্দা মো. আবদুল মতিন, রামনগর গ্রামের আছাদ মিয়া জানান প্রায় ৪০ বছর যাবত এই এলাকায় নদী ভাংগন দেখা দিয়েছে। এই ভাংগন প্রতিরোধে কেউ এগিয়ে আসেননি। অনেক ঘর-বাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে।
লক্ষণশ্রী ইউনিয়নের হবতপুর গ্রামেও নদী ভাংগন দেখা দিয়েছে বলে জানান ইউপি সদস্য আলাউদ্দিন। গৌরারং ইউনিয়নের ইনাতনগর দক্ষিণহাটী, জগাইরগাঁও পুরানহাটী ও খালপাড় এলাকায় নদীভাংগন দেখা দিয়েছে। এলাকার বাসিন্দা শাহনুর মিয়া জানান, এই এলাকায় প্রতি বছর নদী ভাংগন দেখা দেয়। দীর্ঘ ২৫ বছর যাবত নদী ভাংগন প্রতিরোধ না হওয়ায় অনেক ঘর-বাড়ি ও গাছপালা নদীতে বিলীন হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিন আহমদ বলেন, ‘নদী ভাংগন মেরামতের জন্য প্রজেক্ট পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে আসলে মেরামত কাজ শুরু করা হবে।’