ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের মুগরাইন ফসলরক্ষা বাঁধ ভেঙে বনুয়া, শালকুমড়া ও কাইঞ্জার হাওরে পানি প্রবেশ করেছে। এতে করে ওই তিনটি হাওরের ৪২০ হেক্টর জমির বোরো ফসল বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে পাহাড়ি ঢলের পানির চাপে এ বাঁধটি ভেঙে যায়। এখন পর্যন্ত এ উপজেলার ১ হাজার ৯২৭ হেক্টর বোরো জমির ফসল পানিতে তলিয়ে গেছে।
জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির প্রবল চাপে গত রোববার সকালে বংশীকু-া দক্ষিণ ইউনিয়নের সোনাডুবি বাঁধ, গত বুধবার রাতে আকস্মিক ভূমিকম্পের ফলে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনার থাল হাওরের অধীনে মারাদারিয়া বাঁধে (মারাদারিয়া হাওর) ফাটল দেখা দিলে বাঁধটি ভেঙে যায়। গত বৃহস্পতিবার রাতে একই হাওরের আলনির দাইড় ফসলরক্ষা বাঁধ ভেঙে যায়।
গত সোমবার সকাল ছয়টার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের সাতারিয়া-পাথারিয়া ও সকাল আটটার দিকে গাগলাখালী বাঁধটিতে ভাঙন দেখা দেয়। পরে বাঁধ দুটি ভেঙে হাওরের পানি ঢুকে যায়। সর্বশেষ মঙ্গলবার সকালে জয়শ্রী ইউনিয়নের মুগরাইন ফসলরক্ষা বাঁধ ভেঙে বনুয়া, শালকুমড়া ও কাইঞ্জার হাওরে পানি প্রবেশ করে।
উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ জানান, এখন পর্যন্ত এ উপজেলায় ১ হাজার ৯২৭ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। মুগরাইন বাঁধ ভেঙে এখানকার তিনটি হাওরে পানি প্রবেশ করে ৪২০ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে।