শহীদ নূর আহমেদ
চলতি নদীতে ভাঙ্গনের কবলে পড়েছে সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর সড়ক। নদী গহবরে হারিয়ে যাচ্ছে নদী তীরবর্তী ফসলী জমি। পানি কমে গেলেও থামছে না নদী পাড়ের ভাঙ্গন। এখনি ভাঙ্গন রোধ না করতে পারলে নদীগর্ভে বিলীন হতে পারে ইউনিয়নের সৈয়দপুর সড়কে ২ কিঃ মিঃ এলাকা। তাই ভাঙ্গন রোধে কর্তৃপক্ষকে যথাযথ উদ্যোগ গ্রহণের তাগিদ এলাকাবাসীর। ভাঙ্গন রোধে জনপ্রতিনিধির মাধ্যমে এলাকাবাসী লিখিত আবেদন করলে ভাঙ্গন রোধে প্রকল্প গ্রহণে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করবেন বলে আশ্বাস দিলেন সদর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের এএসডি রঞ্জন কুমার দাস।
সরেজমিনে গিয়ে দেখা যায় , সুরমা ইউনিয়নের বালাকান্দা বাজার থেকে সাহেবনগর পর্যন্ত সৈয়দপুর সড়কটি চলতি নদীর ভাঙ্গনের কবলে পড়েছে। জানা যায় প্রায় বছর তিনেক আগে থেকে এই ভাঙ্গন শুরু হয়। ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে কয়েক‘শ একর ফসলি জমি ও শতাধিক ঘরবাড়ি। ্ক্রমাগত ভাঙ্গনের এলাকা ভাঙার ফলে ক্রমশই ছোট হয়ে আসছে সৈয়দপুর সড়কটি।
এদিকে ভাঙ্গনের কবলে ভিটে মাটি সর্বস্ব হারানোর আতঙ্কে রয়েছেন এলাকার অসংখ্য পরিবার। জরুরী ভিত্তিতে ভাঙ্গন রোধ না করলে সৈয়দপুর সড়কটি ভেঙ্গে তৈরী হতে পারে জনদূর্ভোগ।
সৈয়দপুরের আব্দুল বাতেন নামের এক বাসিন্দা বলেন, নদীর তীরে আমার ৪ কানি জমি ছিল, কিন্তু নদী ভাঙ্গনের কারণে ২ কানি জমি নদীর গর্ভে চলে গেছে। নদীর ভাঙ্গন রোধ না হলে বাকিগুলোও নদীর পেটে চলে যাবে। তখন রাস্তায় নামা ছাড়া আমার কোন উপায় থাকবে না।
এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন উপজেলার সলুকাবাদ, জাহাঙ্গিরনগর, সুরমা ইউনিয়নের শতাধিক গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ। এই রাস্তা দিয়ে প্রতি মঙ্গলবার বর্ডারহাটে যান বিভিন্ন জায়গার মানুষ। তাই নদী ভাঙ্গন রোধ করে রা¯াÍটি দ্রুত সংস্কারের দাবীও তোলেন এলাকাবাসী।
সুরমা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনছার আলী বলেন, চলতি নদীর ভাঙ্গনের কবলে এলাকার অনেকেই ঘর বাড়ি ফসলি জমি হারিয়েছেন। এখন সৈয়দপুর সড়কের ভাঙ্গন দেখা দিয়েছে। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত অহরহ মানুষ যাতায়াত করে। সড়কটিকে ভাঙ্গনের কবল থেকে রক্ষা করতে হবে।
সদর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের এএসডি রঞ্জন কুমার দাস বলেন, চলতি নদীর দুই পাড়ে আমাদের কিছু প্রকল্প রয়েছে। সৈয়দপুর সড়কে নদী ভাঙ্গনের বিষয়টি আমরা অবগত নই। তবে এলাকাবাসী যদি ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে জনপ্রতিনিদির মাধ্যমে লিখিত আবেদন করেন তাহলে আমরা ভাঙ্গন রোধে প্রকল্প গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারব।