শহীদ নূর আহমেদ
২০০৯ সালে এক কালবৈশাখী ঝড়ে উড়িয়ে নিয়ে যায় দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্রটির সম্পুর্ণ টিনের চালা। ভাটিপাড়া জমিদার বাড়ির দেয়া জমির উপর কয়েক দশক আগে নির্মিত এই কেন্দ্রটিকে এখন স্থানীয়রা দেখছেন প্রতœতাত্ত্বিক নিদর্শন হিসেবে। শ্যাওলা পড়া দেয়াল, পুরাতন ইটের খাম্বা, চালহীন ভবনটিতে হেলান দিয়ে ছবি তুলেন এখানকার মানুষ ও জমিদার বাড়ি দেখতে আসা পর্যটকরা। স্বাস্থ্য কেন্দ্রের প্রশাসনিক কার্যক্রম তুলে নেয়া হয়েছে অনেক আগেই। পরিত্যক্ত ভবনটির পাশে থাকা পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন পরিবার কল্যণ কেন্দ্রের একটি রুমে একজন এমএলএসএস এর মাধ্যমে পরিচালিত হচ্ছে ইউনিয়নের স্বাস্থ্য সেবার কার্যক্রম। এমএলএসএস সহিদ মিয়াকেই ডাক্তার হিসেবে চিনেন এখানকার স্থানীয়রা। চিকিৎসা সেবায় একমাত্র সম্বল হিসেবে দশ গ্রামে সহিদ মিয়ার নাম ডাক কম না।
উপ-স্বাস্থ্য কেন্দ্রটিতে ১জন মেডিক্যাল অফিসার, ১জন ফার্মাসিস্ট , ১জন স্যাকলো থাকার কথা থাকলেও দৃশ্যমান কেউই নেই এই উপস্বাস্থ্য কেন্দ্রটিতে। বছর কা বছর ডাক্তার শূন্য থাকে এই কেন্দ্রটি। মাঝে মধ্যে অতিরিক্ত দায়িত্ব পালনে মেডিক্যাল অফিসার আসলেও অবকাঠামো ও আবাসন সক্রান্ত জটিলতার কারণে এলাকায় তাদের দেখা মিলে না। স্বাস্থ্য ব্যবস্থার এমন করুণ পরিণতিতে ক্ষুব্ধ স্থানীয়রা । প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছবি সম্বল্লিত মন্তব্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন কেউ না কেউ। চান এর প্রতিকার।
তবে সম্প্রতি সিভিল সার্জন ডা. আশুতোষ দাসের উপ-স্বাস্থ্য কেন্দ্রটির পরিদর্শন করার বিষয়টি আশার সঞ্চার জাগিয়েছে তাদের মনে। সিভিল সার্জন আশ্বাস দিয়েছেন কেউ না কেউ প্রতি সপ্তাহে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
মামুনুর রশীদ তালুকদার নামে ভাটিপাড়া গ্রামের এক বাসিন্দা বলেন, ভাটিপাড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রটি ১৫ টি গ্রামের অন্যতম চিকিৎসা প্রতিষ্ঠান। অনেক বছর যাবৎ কেন্দ্রের মূল ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ডাক্তার নেই, নেই কোন চিকিৎসা উপকরণ। স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিদের রক্ষণাবেক্ষণের অভাবে ইউনিয়নের স্বাস্থ্য সেবা আজ ধ্বংসের পথে। বৃহৎ এলাকার স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে অবকাঠামোগত উন্নয়ন ও ডাক্তার নিয়োগের তা দাবি করেন তিনি।
সৈদুর রহমান তালুকদার বলেন, ভাটিপাড়া ইউনিয়ন যোগাযোগের দিক দিয়ে অনেকটা পিছিয়ে আছে। তার চেয়ে পিছিয়ে স্বাস্থ্য ব্যবস্থার দিক । প্রাথমিক চিকিৎসার জন্যেও ছুটতে হয় উপজেলা, জেলা শহরে। তৃণমূল স্বাস্থ্য সেবার উন্নয়নে ভাটিপাড়া উপ-স্বাস্থ্য সেবার সক্রিয়াতা বাড়ানো অত্যন্ত জরুরী।
স্থানীয় ইউপি সদস্য রাসিন আহমদ চৌধুরী বলেন, উপ-স্বাস্থ্য কেন্দ্রটির অবস্থা দেখে একজন জনপ্রতিনিধি হিসেবে খুবই কষ্ট লাগে। মানুষ আমাদেকে অনেক প্রশ্ন করে এ নিয়ে । আমরা বিভিন্ন পর্যায়ে হাসপাতালের দুরবস্থার বিষয়টি অবহিত করছি কিন্তু সমাধান হচ্ছে না।
সিভিল সার্জন ডা. আশুতোষ দাস বলেন, আমাদের লোকবলের চরম সংকট। জেলার ২২ টি উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে দুইটি কেন্দ্রে ডাক্তার আছেন। ডাক্তার নিয়োগ প্রক্রিয়া চলছে ,অচিরেই ডাক্তারের সমস্যা সমাধান হবে। ভাটিপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র সম্পর্কে তিনি বলেন, ভাটিপাড়ার স্বাস্থ্য সেবার মান উন্নয়নে আমরা আন্তরিক। ইতোমধ্যে আমি কেন্দ্র পরিদর্শন করেছি। তারল ইউনিয়নে দায়িত্ব পালনে থাকা একজন ডাক্তার কে সপ্তাহে অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দ্দেশনা দেয়া হয়েছে।