- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভাটি এলাকা জুড়ে শোকের ছায়া

এনামুল হক এনি
সুরঞ্জিত সেনগুপ্ত শুধু দিরাই-শাল্লার নয় তিনি ছিলেন পুরো সুনামগঞ্জের জননেতা । তিনি তাঁর নিজ নির্বাচনী এলাকায় ছাড়াও পুরো ভাটি এলাকা জুড়ে পদচারণা করেছেন সমান তালে। জায়গা করে নিয়েছেন ভাটি বাংলার প্রতিটি জনমনে। বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে পুরো ভাটি জুড়ে নেমে এসেছে শোকের কালো ছায়া। দিরাই-শাল্লার পাশাপাশি সুনামগঞ্জ-১ আসনে তিনি ২০০১ সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এতে সুনামগঞ্জ-১ আসনের নেতাকর্মীসহ সর্বসাধারণের প্রাণের নেতায় পরিণত হয়েছিলেন। নেতাকর্মীদের দাবি তাঁর এই শূণ্যতা পূরণ হবার নয়।
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফকরুল ইসলাম চৌধুরী বলেন, ১৯৬৫ সালে সুনামগঞ্জ-১ আসনের জাতীয় পরিষদ নির্বাচনে আমার বাবা মরহুম আব্দুল হেকিম চৌধুরীকে সুরঞ্জিত সেনগুপ্ত সর্বাত্মক সহযোগিতা করেছিলেন। আমার বাবার সাথে উনার সুসম্পর্ক ছিল। উনি ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা।      আমরা একজন সাহসী বীর হারালাম। পরবর্তীতে সুরঞ্জিত সেনগুপ্ত সুনামগঞ্জ-১ আসনে তিনি ২০০১ সালে নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি শুধু দিরাই-শাল্লার জননেতা ছিলেন না তিনি ছিলেন পুরো সুনামগঞ্জ তথা ভাটি অঞ্চলের জননেতা। তাঁর সাথে আমাদের পারিবারিক সম্পর্ক থাকায় আমাদের বাড়িতে উনার যাতায়াত ছিল। দৃঢ় মনোবলের অধিকারী ও সাহসী এই রাজনীতিবিদের মৃত্যুতে আমাদের পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাই।
জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দ্বিজেন্দ্র লাল দাস বলেন, সুনামগঞ্জ-১ আসনে সুরঞ্জিত সেনগুপ্ত’র তুমুল জনপ্রিয়তা ছিল। তিনি যখন একতা পার্টি করতেন তখন থেকেই উনার সাথে আমার ব্যক্তিগত সুসম্পর্ক ছিল। ২০০১ এর নির্বাচনে আমি উনার সাথে ছিলাম। হঠাৎ উনার চলে যাওয়া আমাদের ব্যথিত করেছে। বর্ষীয়ান এই নেতা সুনামগঞ্জ তথা সারা বাংলার গৌরব।
তাহিরপুরের বাদাঘাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. শফিকুল ইসলাম বলেন, আমি ঢাকায় পড়াশোনা করার সময় থেকেই সুরঞ্জিত সেনগুপ্ত’র এলিফেন্ট রোডের ১৭০ নম্বর বাসায় যাতায়াত করতাম। তখন থেকেই সুরঞ্জিত সেনগুপ্ত’র সাথে আমার ভাল সম্পর্ক ছিল। রাজনৈতিক জীবনে উনার কাছ থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি। তিনি আরো বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন একজন সাহসী ব্যক্তিত্ব। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ৫নং সাব সেক্টরে সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন এবং প্রতিনিয়ত ভারতের সাথে যোগাযোগ রক্ষা করে দেশকে স্বাধীন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের সংবিধান প্রণয়নেও ভূমিকা রেখেছেন এই মহান ব্যক্তিত্ব।

  • [১]