- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভাটি বাংলায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার
আগামী ৩০ এপ্রিল রোববার সুনামগঞ্জের হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বুধবার রাত ৮ টায় জেলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর আগমন কর্মসূচিকে সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতে জেলা প্রশাসক জানিয়েছিলেন প্রধানমন্ত্রী হাওর এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করতে সম্ভাব্য স্থান হিসাবে দক্ষিণ সুনামগঞ্জ অথবা বিশ্বম্ভরপুর আসবেন। জেলা প্রশাসক সে অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগের সকল কর্মকর্তাদের প্রস্তুতি গ্রহণ ও অনুষ্ঠান সফল করার প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছিলেন।
কিন্তু সভা চলাকালে রাত সাড়ে ৮টায় প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনকে থেকে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামকে জানানো হয়, প্রধানমন্ত্রী সুনামগঞ্জের তলিয়ে যাওয়া হাওর এলাকা দেখে শাল্লার ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে ত্রাণ সহায়তা তুলে দেবেন।
সভায় উপস্থিত একাধিক জনপ্রতিনিধি ও কর্মকর্তা শাল্লা দুর্গম এলাকা, হাওরের উপজেলা সেখান থেকে দিরাই উপজেলা ভাল হবে। অথবা জেলার দক্ষিণ সুনামগঞ্জ অথবা বিশ্বম্ভরপুর উপজেলায় আসার আহবান জানান। কিন্তু গণভবন থেকে জানানো হয়, শাল্লা যেহেতু দুর্গম ও হাওর তাই প্রধানমন্ত্রী শাল্লাই যাবেন।
পরে জেলা প্রশাসক সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে জানানো হয়েছে তিনি শাল্লায় আসবেন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে লো-ফ্লাই করে সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকা দেখবেন।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন- সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ্, সংসদ সদস্য অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা, অতিরিক্ত ত্রাণসচিব মোহাম্মদ ফয়জুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘সুনামগঞ্জের বোরো ফসলহানির ঘটনা ও কৃষকদের দুর্দশা-দুর্যোগের সংবাদ জাতীয় ও আঞ্চলিক সকল সংবাদপত্র এবং বেসরকারি সকল টেলিভিশন ফলাও করে প্রচার করেছে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজর কেড়েছে এবং তাঁর হৃদয়কে নাড়া দিয়েছে তাই তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের দেখতে ও ত্রাণ বিতরণ করতে হাওর প্রধান জেলা সুনামগঞ্জের শাল্লায় আসছেন। বক্তাদের অনেকেই সুনামগঞ্জে গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রীর আশার খবরে জেলাজুড়ে আশার সঞ্চয় হয়েছে।’

  • [১]